ঢাবিতে এবার ৪ ককটেল উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে চারটি পরিত্যক্ত ককটেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের সীমানা দেয়ালের পাশ থেকে এ ককটেল উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। বিশ্ববিদ্যালয়ে গত শনিবার পাঁচটি ও রবিবার পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়। রবিবার টিএসসি’র ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি ককটেল উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আমজাদ আলী জানান, সোমবার সন্ধ্যায় এক কর্মচারী ককটেলগুলো দেখতে পেয়ে খবর জানায়। ঐ তথ্যের ভিত্তিতে শাহবাগ থানায় বিষয়টি জানানো হয়। পরে মেডিক্যাল সেন্টারের সীমানা দেয়ালের পাশ থেকে চারটি ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা ককটেলগুলো ঐখানে রেখেছে তা জানা যায়নি। এদিকে গত শনি ও রবিবার বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতনামা ২৫/৩০ জনের বিরুদ্ধে গতকাল শাহবাগ থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর। এছাড়া শনি ও রবিবারের ককটেল বিস্ফোরণের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর কর্মচারী নেতা মফিজুর রহমান সুমনকে আটক করেছে পুলিশ। স্থানীয় এ যুবদল নেতাকে নীলক্ষেত আবাসিক এলাকায় তার বাসা থেকে রবিবার রাতে আটক করে থানায় নিয়ে যায় শাহবাগ থানা পুলিশ।