তুরাগ তীরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০১৩, ২১:০৫
তুরাগ তীরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। গতকাল সোমবার ঢাকা জেলার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টঙ্গী কামারপাড়া ব্রিজ থেকে আবদুল্লাহপুর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার নদী তীরের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কর্তৃপক্ষ। এসময় নদীর তীরে গড়ে তোলা ৪৮টি টিনশেড ঘর ও অর্ধ শতাধিক টং ঘর উচ্ছেদ করা হয় । দেড় কিলোমিটার নদীর পাড় অবৈধ দখল মুক্ত করা হয়। উচ্ছেদ কাজে অংশ নেয় শতাধিক শ্রমিক। উচ্ছেদে সহায়তা করে তিন প্লাটুন পুলিশ। এতে নেতৃত্ব দেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান ও বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন উপ-পরিচালক সাইফুল হক খান।