নারীর উপর সব ধরনের
নির্যাতন বন্ধ করতে
হবে: হাসনা মওদুদ
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০১৩, ২১:০৬
জন্টা ইন্টারন্যাশনাল ঢাকা ক্লাব-১ এর প্রেসিডেন্ট হাসনা মওদুদ বলেছেন, ধর্ষণসহ নারীর ওপর সব ধরনের নির্যাতন বন্ধ করতে হবে। নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ও নারীর অধিকার রক্ষায় দেশের সকল মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি। গতকাল সোমবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, আইন ও সালিশ কেন্দ্রের মানবাধিকার পর্যালোচনা-২০১২ অনুযায়ী গত বছরে এক হাজার ১৪৯ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে ২৬৩ জন খুন হয়েছেন, ১৯ জন আত্মহত্যা করেছেন এবং ২৫০ জন নারী যৌন হয়রানির শিকার হয়েছেন। বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিবেদন অনুসারে ২০১২ সালে পাঁচ হাজার ৬১৬ জন লৈঙ্গিক সহিংসতার শিকার হয়েছে। এদের মধ্যে ৯০০ জন নারী ও শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এছাড়া নারী ও শিশু ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, গত ডিসেম্বরে ভারতে এক মেডিক্যাল শিক্ষার্থী গণধর্ষণের শিকার হওয়ার পর দেশটিতে সাধারণ নারী-পুরুষ রাস্তায় নেমে তীব্র বিক্ষোভ করেছে। বাংলাদেশে এ ধরনের নারী নির্যাতনের ঘটনায় প্রতিবাদ জানানোর জন্য দেশের মানুষের কাছে আমরা আহবান জানাই। এছাড়া দিল্লি ও বাংলাদেশে এ ধরনের প্রতিবাদের সঙ্গে জন্টা ইন্টারন্যাশনাল ঢাকা ক্লাব-১ সংহতি প্রকাশ করছে।
নারীর ওপর সহিংসতার বিরুদ্ধে গণসচেতনতা তৈরিতে জন্টা ইন্টারন্যাশনাল ঢাকা ক্লাব-১ কাজ করে যাচ্ছে। এ বিষয়ে সচেতনতা তৈরিতে গতকাল সোমবার স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মাঝে প্রচারপত্র বিলি করা হয়। এছাড়া এইচআইভি/এইডসে আক্রান্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।