মাছের তেল ভালো, তবে

মাছ খাওয়া ভালো এবং মাছের তেলে ওমেগা-৩ নামক ফ্যাটি এসিড আছে যা হার্টের জন্য উপকারী। বিশেষজ্ঞদের মতে মাছ খাওয়ার বিপক্ষে কোন বিতর্ক নেই। তবে অনেকে প্রশ্ন করেন ইলিশ মাছ, পাঙ্গাসের পেটি ও চিংড়ির মগজ খাওয়া কি নিরাপদ। এ ব্যাপারে হূদরোগ বিশেষজ্ঞদের মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে। অনেকে মনে করেন সব মাছের তেলই স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু অনেক বিশেষজ্ঞ মনে করেন পাঙ্গাস মাছ, ইলিশ মাছ ও গলদা চিংড়িসহ অধিক চর্বিযুক্ত মাছে ওমেগা-৩ নামের ফ্যাটি এসিড থাকলেও এধরনের অধিক তৈলাক্ত মাছ থেকে যতটা ওমেগা-৩ পাওয়া যায় তার চেয়ে বেশী থাকে ক্ষতিকর আনস্যাসুরেটেড চর্বি বা অসম্পৃক্ত চর্বি। এই ধরনের অত্যন্ত ক্ষতিকর অদ্রবণীয় ফ্যাট রক্তের মধ্যে ভেসে থাকে এবং হার্টের রক্তনালীতে জমে রক্ত চলাচলে বাধার সৃষ্টি করে। এমনকি রক্তনালীতে এধরনের ফ্যাট জমে ব্লক সৃষ্টি করতে পারে। তাই ইলিশ মাছের পেটি, পাঙ্গাসের পেটি ও গলদা চিংড়ির মগজ যতটা কম খাওয়া যাবে ততটাই ভালো। তবে যাদের হার্টের সমস্যা আছে বা উচ্চ রক্তচাপের রোগী তাদের ইলিশ ও পাঙ্গাস মাছের পেটি না খাওয়াই হিতকর। তবে অন্যান্য কম তেলযুক্ত মাছ বেশী খেলে কোন ক্ষতি নেই। বরং কম তেলযুক্ত মাছের চর্বি হার্টের জন্য যেমন হিতকর তেমনি এধরনের মাছ খেলে রক্তের ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়ে এবং খারাপ কোলেস্টেরল এলডিএল কমে। তাই কম চর্বিযুক্ত মাছ বেশী খান, সুস্থ থাকুন।