কক্সবাজার ইনস্টিটিউট
অ্যান্ড পাবলিক লাইব্রেরির
নির্মাণ কাজ সম্পন্ন করুন
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০১৩, ২১:১৭
কক্সবাজার জেলাপ্রশাসক অফিসের উত্তর পাশে কক্সবাজার ইনস্টিটিউট অ্যান্ড পাবলিক লাইব্রেরি অবস্থিত। এটি ১০০ বছরের পুরনো। এখানে মূল্যবান বই ও পাণ্ডুলিপির সংখ্যা প্রায় ২০ হাজার। এই ভবনকে কেন্দ্র করে কক্সবাজার জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ড আবর্তিত হতো। পঞ্চাশের দশকে এখানে নিয়মিত নাটক, গানের আয়োজন করা হতো। ছাত্রছাত্রীর রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। সেমিনার-সিম্পেজিয়ামও অনুষ্ঠিত হয়। লাইব্রেরি পাঠকসংখ্যা ছিল প্রচুর।
পাবলিক লাইব্রেরি দীর্ঘদিন অযত্ন-অবহেলায় জরাজীর্ণ হয়ে পড়েছিল। কিছুদিন আগে সরকার এই শতবর্ষের পুরনো লাইব্রেরিকে পুনর্নির্মাণের উদ্যোগ নেন এবং আড়াই কোটি টাকা বরাদ্দ করেন। লাইব্রেরির নির্মাণকাজ দুই বছর চলার পর অর্ধসমাপ্ত হয়ে পড়ে আছে। ফলে কক্সবাজারের সাংস্কৃতিক কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দিয়েছে। লাইব্রেরির মূল্যবান দলিল-দস্তাবেজ বস্তাবন্দী করে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ফেলে রাখা হয়েছে।
আমি কক্সবাজারবাসী হিসেবে শতবর্ষের পুরনো লাইব্রেরিকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য অবিলম্বে এর অসমাপ্ত নির্মাণ কাজ শেষ করার জন্য জোর আবেদন জানাচ্ছি।
জাফর আলম,
সহ-সভাপতি,
কক্সবাজার সমিতি, ঢাকা