পিএসসির পরীক্ষার
মাধ্যমে দ্রুত নার্স
নিয়োগ দেয়া হোক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০১৩, ২১:১৭
মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে চিকিত্সাসেবা অন্যতম। চিকিত্সাসেবা নিশ্চিত করতে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ প্রশংসনীয়। ইতিমধ্যে নার্সদের তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেয়া হয়েছে। দেশের সরকারি হাসপাতালে রয়েছে প্রচুর শূন্য পদ আর এর জন্য চিকিত্সাসেবা ব্যাহত হচ্ছে। আগে নার্স নিয়োগ দেয়া হতো ব্যাচভিত্তিক স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে। তখন নার্সিং ছিল তৃতীয় শ্রেণির পদ। ২০০০-এর ব্যাচ পর্যন্ত এভাবে নিয়োগ পেয়ে এসেছে। কিন্তু নার্সদের দ্বিতীয় শ্রেণিভুক্ত করায় নিয়োগ প্রক্রিয়া এখন আমলাতান্ত্রিক জটিলতায় পড়েছে। ২০০১ থেকে আমরা পাস করে বেকার বসে আছি। কারো সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পার হয়ে যাচ্ছে। দিন দিন বেকারত্ব বেড়েই চলেছে। যেহেতু নার্সিং এখন দ্বিতীয় শ্রেণির পদ, তাই অন্যান্য বিভাগের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের নিয়োগের মতো পিএসসির পরীক্ষার মাধ্যমে দ্রুত নার্স নিয়োগ দেয়া হোক। এতে সরকারি বিধি অনুযায়ী নার্সিং পাস করা সবাই পরীক্ষায় অংশ নিতে পারবে এবং যোগ্যতমরা চাকরি পাবে। এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
নাদিরা বেগম (নার্স),
স্বাস্থ্য বিভাগ,
বরিশাল সিটি কর্পোরেশন, বরিশাল