শীতার্তদের রক্ষায় এগিয়ে আসুন
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০১৩, ২১:১৭
পৌষের হাড় কাঁপানো শীতে এখন কাঁপছে সারাদেশ। বরাবরই সবচেয়ে বেশি শীত জেঁকে বসে উত্তরাঞ্চল জুড়ে। সেই হিসাবে এবারও দেশের সর্ব উত্তরে হিমালয়ের হিমগর্ভে অবস্থিত রংপুর বিভাগের আট জেলায় তীব্র শীতের দাপটে কাহিল হয়ে পড়েছে সে অঞ্চলের কয়েক লাখ হতদরিদ্র মানুষ। শৈত্যপ্রবাহ ও রাতের বরফগলা ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসে এ অঞ্চলের জনজীবনে এখন কষ্টের সীমা নেই। শীতবস্ত্রের অভাবে দিনের বেলাতেও আগুন জ্বালিয়ে চলছে শীত নিবারণের প্রাণপণ চেষ্টা। কনকনে ঠাণ্ডায় শীতার্ত এ মানুষগুলো আমাশয়, ডায়রিয়া ও শ্বাসকষ্টসহ ভুগছে শীতজনিত নানা জটিল রোগে। শীতজনিত কারণেই মৃত্যু ঘটছে অহরহ। শীত আক্রান্ত এসব অঞ্চলে দ্রুত শীতবস্ত্র বিতরণ করা না হলে মানসিক কষ্ট-দুর্ভোগের পাশাপাশি মৃত্যুর সংখ্যার বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। শুধু তাই নয়, এসব অঞ্চলের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষগুলোর শীতবস্ত্র অভাবের পাশাপাশি দেখা দিয়েছে চরম খাদ্যাভাব। মানুষ-মানুষের জন্য। মানুষের বিপদে মানুষই এগিয়ে আসবে। কাজেই শীতবস্ত্রসহ শীর্তাতদের রক্ষা করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিত্তবানদের দ্রুত এগিয়ে আসার আহ্বান করছি।
সৌরভ সোহরাব, আয়েশ, সিংড়া, নাটোর