তৈরি পোশাকই ক্রেতাদের আকর্ষণ
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০১৩, ২১:২২
পড়ন্ত বিকালে রাজধানীর শেরেবাংলা নগরে জমে ওঠা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রাঙ্গণ থাকে টই টম্বুর। মাইকের আওয়াজে ভেসে আসে নানা পণ্যের বিজ্ঞাপন। লোকজন বাড়তে শুরু করলেই মাইকে বেজে ওঠে সতর্ক সংকেত। সন্ধ্যার পরে প্রতি ঘন্টায় ঘন্টায় শোনা যায় নানা হারানো বিজ্ঞাপন। মেলা চত্বরে সন্ধ্যা নেমে আসলেই স্টল ও প্যাভিলিয়নগুলোতে জ্বলে ওঠে নানা রঙ্গ বেরঙ্গের বাতি। স্টল ও প্যাভিলিয়নগুলোতে থাকে দর্শনার্থী ও ক্রেতাদের সমাগম। গাড়ি পার্কিং এর নির্ধারিত স্থান থাকে পরিপূর্ণ।
মেলায় তৈরি পোশাকের প্রতি ক্রেতাদের আকর্ষণ শুরু থেকেই। এবারের মেলায় প্রায় অর্ধশতাধিক স্টল ও প্যাভিলিয়ন তৈরি পোশাক নিয়ে এসেছে। এসব স্টল ও প্যাভিলিয়নগুলো মেলার উত্তর ও দক্ষিণ পার্শ্বে ঘিরে রয়েছে। এসব স্টল ও প্যাভিলিয়নগুলোর মধ্যে রয়েছে প্রোডাক্ট অফ পাকিস্তান, ইরানী থাই এ্যাম্পোরিয়াম, স্মারটেক্স, এস এ এন্টারপ্রাইজ, এশিয়ান ডায়েল স্কাই শপ, বেক্সটেক্স লিমিটেড, এশিয়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, এম এস শাহ্ আলী ট্রেডার্স ইত্যাদি। এসব স্টল ও প্যাভিলিয়নগুলোতে নানা রঙ্গের বিভিন্ন ডিজাইনের শাড়ি, লুঙ্গি, শার্ট, প্যান্ট, থান কাপড়, শীতের পোশাক, চাদর, কাশ্মীরী শাল ইত্যাদি বিক্রি করছেন ব্যবসায়ীরা।
বিদেশি তৈরি পোশাকের দাম দেশি পোশাকের চেয়ে প্রায় দ্গুিণ। তবুও বিদেশি প্যাভিলিয়নগুলোতে ক্রেতাদের ভিড় বেশি। এবারের মেলায় কাশ্মীরী শাল নিয়ে এসেছে বেশ কয়েকটি প্যাভিলিয়ন। কাশ্মীরী শালের সর্বোচ্চ দাম ১৭ হাজার টাকা এবং সর্বনিম্ন দাম ৫’শ টাকা। মেলায় শীতের পোশাক বিক্রি করছে স্মারটেক্স। এই প্যাভিলিয়নে পণ্যের উপর ৩০ থেকে ৫০ শতাংশ ছাড় দিচ্ছেন ব্যবসায়ীরা।