তেজগাঁও পলিটেকনিক

হল ত্যাগের নির্দেশ মানছে না ছাত্রলীগ নেতা-কর্মীরা

তেজগাঁও পলিটেকনিক বন্ধ ঘোষণার পরও ছাত্রলীগ নেতাকর্মীরা হল ত্যাগ করেনি বলে অভিযোগ উঠেছে। এতে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও কর্মচারীরা। থানায় জানানোর পরও পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করছে না বলে অভিযোগ করেছেন শিক্ষকরা। পরিপূরক পরীক্ষায় ফেল করা ছাত্রদের পাস করিয়ে দেয়ার দাবিতে গত রবিবার ছাত্রলীগ ক্যাডাররা পলিটেকনিকের বিভিন্ন বিভাগীয় প্রধানের অফিস ভাংচুর করে। তাদের হামলায় তিন শিক্ষক ও সাধারণ কর্মচারীসহ ১০ জন আহত হন। এ ঘটনার পর একাডেমিক সিদ্ধান্তে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য তেজগাঁও পলিটেকনিক বন্ধ ঘোষণা করে এবং সোমবার সকাল ৮টার মধ্যে ছাত্রদের হলত্যাগ করার নির্দেশ দেয়। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত ছাত্রলীগ নেতাকর্মীরা হল ত্যাগ করেনি বলে জানা গেছে। এদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক শিক্ষকদের অভিযোগ অস্বীকার করে বলেন, হল খালি করার দায়িত্ব হল সুপারদের। এখানে পুলিশের কী করণীয় আছে। তবে তিনি স্বীকার করেন, একটি হলে কিছু ছেলে অবস্থান করছেন। তারা সময় নিয়েছেন। ২/১ দিনের মধ্যে তারা হল ত্যাগ করবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, ভাংচুর ও হামলার ঘটনায় পলিটেকনিকের প্রিন্সিপাল ৫ জনের নাম উল্লেখসহ বেশ কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। কিন্তু পলিটেনিক ছাত্রলীগ সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে হামলা হলেও মামলায় তাকে আসামি করা হয়নি বলে অভিযোগ উঠেছে।