যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে ২৪ জানুয়ারি ১৪ দলের মানববন্ধন

যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করতে আগামী ২৪ জানুয়ারী রাজধানীসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। এছাড়াও ১২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি সারাদেশে জেলা সফর করবেন ১৪ দলের কেন্দ্রীয় নেতারা। তবে বিশ্ব ইজতেমা উপলক্ষে ১০, ১১, ১২ এবং ১৮ ও ১৯ জানুয়ারি কর্মসূচি স্থগিত থাকবে। গতকাল সোমবার রাতে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সূত্র জানায়, বৈঠকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়ে ১৪ দলের শরিক নেতৃবৃন্দ বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে গোটা জাতি যখন ঐক্যবদ্ধ, তখন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেয়াটা ঠিক হয়নি। একই সঙ্গে নেতৃবৃন্দ বিদ্যুতের দাম না বাড়ানোর জন্যও সরকারের প্রতি আহ্বান জানান। ১৪ দলের বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের দাবি জানানো হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে এবং সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে ৭ জানুয়ারি যে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছিলাম তা আওয়ামী লীগের কাউন্সিলের জন্য আগেই স্থগিত করা হয়। তবে এ কর্মসূচি আগামী ২৪ জানুয়ারি পালন করা হবে। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জনগণের প্রাণের দাবি। আগামীতে আরো ব্যাপকভাবে জনগণ এই আন্দোলনে সম্পৃক্ত থাকবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে বিরোধী দলের কোনো এতো অনীহা? আমরা চাই হত্যাকারীদের বিচার হোক। সম্প্রতি বিএনপির ঢাকা সিটি কর্পোরেশনের ৫৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মজুমদার হত্যার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমির হোসেন আমু বলেন, বিষয়টি সরকার গুরুত্ব সহকারে নিচ্ছে বলে আমি মনে করি। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সংসদ উপনেতা ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক সৈয়দা সাজেদা চৌধুরী এমপির সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চোধুরী এমপি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, জাসদের কার্যনির্বাহী সভাপতি মঈন উদ্দিন খান বাদল এমপি, সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির নুরুর রহমান সেলিম, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম প্রমুখ। বিকাল ৫টায় শুরু হয়ে বৈঠক চলে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়েও আলোচনা হয় বলে ব্রিফিংয়ের শুরুতে বলেন মোহাম্মদ নাসিম।