দুই নেত্রীকে এক সঙ্গে বসানোর উদ্যোগ নেব

এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীকে একই সঙ্গে বসানোর উদ্যোগ নেয়ার কথা বলেছেন। তিনি বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা সৃষ্টির জন্য আমরা চেষ্টা করছি। হরতাল না করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি তিনি অনুরোধ জানান। হরতাল ব্যবসা- বাণিজ্য ও অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলে। দেশি-বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হয়। তিনি সোমবার দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের অর্থনীতি এখন বিশ্বের ৫ নম্বর অবস্থানে রয়েছে। আমরা অর্থনৈতিক উন্নতিতে জায়ান্ট হিসাবে আত্মপ্রকাশ করে প্রশংসিত হচ্ছি। আমাদের পিছিয়ে দেয়ার জন্য ইস্যুবিহীন হরতাল করা হচ্ছে। হরতাল অর্থনৈতিক উন্নয়নে বাধার সৃষ্টি করে। আমরা হরতালের বিকল্প ব্যবস্থা নেয়ার আহ্বান জানাই। তেলের দাম বৃদ্ধিতে সামগ্রিক অর্থনীতিতে চাপ বাড়ছে। কৃষি, ব্যবসা-বাণিজ্য সব ক্ষেত্রে এর প্রভাব পড়েছে। তাই তেল, গ্যাস ও বিদ্যুতের দাম না বাড়ানোর জন্য সরকারের প্রতি তিনি অনুরোধ জানান। দুপুরে এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ টুঙ্গিপাড়া পৌঁছে পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ফাতেহা পাঠের পর তারা বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত, দেশের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন। এ সময় আ’লীগ নেতা চৌধূরী এমদাদুল হক, মাহাবুব আলী খান, উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র মোঃ ইলিয়াস হোসেন, এইচ.এম অহিদুল ইসলাম, গোপালগঞ্জ চেম্বারের সভাপতি এ্যাড. কাজী জিন্নাত আলী, সহসভাপতি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান মাসুদ, পরিচালক এ্যাড. কাজী মেজবাহ উদ্দিন খোকন, আলী নাঈম খান জিমি, শেখ গিয়াস উদ্দিন রকেট, ওবায়দুর রহমান, আলিমুজ্জামান বিটু, জিয়া উদ্দিন খান, নিয়ামতে খোদা, মিজানুর রহমানসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।