৬০ ভাগ মহার্ঘ ভাতাসহ ৫ দফা বাস্তবায়ন করুন

সরকারি কর্মচারীদের আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল, ৬০ ভাগ মহার্ঘ ভাতা, রেশন প্রদান, পদোন্নতিসহ সকল বৈষম্য দূর করাসহ ৫ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলশেষে সংগঠনের পক্ষে প্রধানমন্ত্রীর দপ্তরে দাবি সম্বলিত স্মারক লিপি পেশ করা হয়। স্মারক লিপিতে বলা হয়, অবিলম্বে পেনশন ও গ্র্যাচুইটি বৃদ্ধি, সরকারি গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন, সাজ-পোশাক ভাতা বেতনের সাথে প্রদান ও সংগঠন করার অধিকার নিশ্চিত করতে হবে। পরিষদের সভাপতি সালেউদ্দিন সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহাসচিব নোমানুজ্জামান আল-আজাদ, পরিষদের কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, এমএ হান্নান, হুমায়ন কবীর, সাহাদাত হোসেন প্রমুখ।