মহালছড়িতে কল্পনা চাকমার অপহরণকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ

কল্পনা চাকমার অপহরণকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহালছড়ি উপজেলায় গতকাল সোমবার এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি মহালছড়ি কলেজ গেট থেকে গতকাল হিল উইমেন্স ফেডারেশন, পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরামের সদস্যরা বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা কল্পনা চাকমা অপহরণ বিষয়ে সিআইডির দাখিল করা চূড়ান্ত তদন্ত রিপোর্টকে প্রহসনমূলক আখ্যায়িত করে অবিলম্বে এ রিপোর্ট প্রত্যাহার, নিরপেক্ষ তদন্ত এবং ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। বক্তারা আরো বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে এ দেশের শাসকগোষ্ঠী কল্পনা চাকমার অপহরণকারীদের মরিয়া হয়ে রক্ষা করে চলেছে। এভাবে প্রকৃত অপরাধীদের রক্ষা করার কারণে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীদের উপর নিপীড়ন-নির্যাতন উদ্বেগজনকহারে বেড়ে চলছে এবং পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সময়ে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না। সমাবেশে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক চন্দনী চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক সর্বানন্দ চাকমা ও মহালছড়ি থানা শাখার সভাপতি ঊষাময় খীসা এবং পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আপ্রুসি মারমা প্রমুখ। বক্তারা কল্পনা চাকমার অপহরণকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সোচ্চার হতে সকল মানবতাবাদী শক্তি ও সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান।