সরিষাবাড়িতে এমপির ভাইকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ দলীয় শৃংখলা ভঙ্গ ও দলের সিনিয়র দুই নেতাকে লাঞ্ছিত করার দায়ে স্থানীয় এমপি’র ভাই নূর-ই-আলম বাবুসহ দুই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে। গতকাল সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। উপজেলা সভাপতি আলহাজ্ব আব্দুল মালেকের সভাপতিত্বে বৈঠকে উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তাবিত সভা চলাকালে গত বুধবার রাতে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গিয়াস উদ্দিন পাঠান এবং সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন বাদশাকে স্থানীয় এমপি ডা. মুরাদ হাসানের ফুফাতো ভাই পৌর আওয়ামী লীগের সদস্য নূর-ই-আলম বাবুর নেতৃত্বে লাঞ্ছিত করে দলীয় কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটে। এর প্রতিবাদে পরদিন বৃহস্পতিবার মাহাদান এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতারা সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেন।