সিলেট-ঢাকা-লন্ডন রুটে বিমানের শিডিউল বিপর্যয় থামছে না
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০১৩, ২১:৩০
সিলেটে বিমান বাংলাদেশ এয়ার-লাইনসের ঘন ঘন শিডিউল বিপর্যয় চলছেই। বিশেষ করে সিলেট-লন্ডন ফ্লাইটের যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। গত শনিবার লন্ডন সময় সন্ধ্যা ৫.১৫ মিনিটে লন্ডন-ঢাকা বিজি-১০৮ ফ্লাইটটি বাতিল হয়ে যাওয়ায় প্রায় ৩১৬ জন যাত্রী আটকা পড়ে। রবিবার সকাল ৯টায় ঢাকায় পৌঁছার কথা ফ্লাইটটির। পরে সিলেট এসে সেটি দুপুরে দুই শতাধিক যাত্রী নিয়ে ঢাকায় যাওয়ার কথা। গত ২৪ ডিসেম্বর থেকে সিলেটে এ সমস্যা ভয়াবহ রূপ লাভ করে । সিলেট-ঢাকা অভ্যন্তরীণ ফ্লাইট এবং আন্তর্জাতিক রুটে ফ্লাইট সংকট ইত্যাদি কারণে পরিস্থিতি নাজুক আকার ধারণ করেছে। অবস্থা এমন পর্যয়ে গিয়ে পৌঁছেছে যে, বাড়ি থেকে বিদায় নিয়ে এসেও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টিকেট করেও ফ্লাইট হয়নি। পরে তাদেরকে তড়িঘড়ি করে ঢাকায় গিয়ে ফ্লাইট ধরতে হয়। তাতেও অনেকেই আবার ফ্লাইটও ধরতে পারছেন না।
গত রবিবার সময়মত বিজি-১০৮ ফ্লাইটটি না আসায় ২ শত লন্ডন যাত্রীর যাত্রা বিলম্বসহ দুর্ভোগে পড়েন শিশু, মহিলা ও বৃদ্ধরা।
বর্তমান শীতকালীন সময়ে সিলেট-ঢাকা রুটে বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট না থাকায় সিলেট থেকে বিদেশগামী শত শত যাত্রী পড়েছেন মহাবিপাকে। বিশেষ করে সিলেট-লন্ডন ও মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা পড়েছেন বিপদে। এ কারণে অনেকের ভিসা সমস্যাও দেখা দিয়েছে।
বিমানের ফ্লাইট বিপর্যয় এখন নৈমিত্তিক ঘটনা মন্তব্য করে এয়ার লাইন্স ক্লাবের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, যাত্রীদের ঢাকায় নিয়ে বসিয়ে রাখা হয়। সময়মত ফ্লাইট দেয়া হয় না।
ঘন ঘন ফ্লাইট বিপর্যয়ের প্রতিবাদে নগরীর কোর্ট পয়েন্টে শনিবার এক ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করে সিলেট কল্যাণ সংস্থা নামের একটি সামাজিক সংগঠন। সভায় সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালুর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।