ভাসমান বিদ্যুত্ কেন্দ্র মামলা না চালাতে প্রধানমন্ত্রীর আবেদন মঞ্জুর

বাতিল করা ভাসমান বিদ্যুত্ কেন্দ্র দুর্নীতি মামলা বিষয়ে রিট আবেদন না চালাতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার একটি আবেদন গতকাল সোমবার মঞ্জুর করেছে হাইকোর্ট। ফৌজদারি কার্যবিধির ৫৬১ (ক) ধারায় আনা আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ২০১০ সালের ১৩ এপ্রিল মামলাটি বাতিল করে দিয়েছে। একই বিষয়ে অপর একটি রিট বিচারাধীন থাকায় গতকাল এ আবেদন জানানো হয়। ওই আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আবদুর রবের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। ২০০৭ সালে এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন শেখ হাসিনা। ওই রিটে হাইকোর্ট রুল জারির পাশাপাশি মামলার কার্যক্রম স্থগিত করে দেয়। ওই রুল শুনানির জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী এমএ আজিজ খান সম্প্রতি আদালতে উপস্থাপন করলে গতকাল তা কার্যতালিকায় আসে। আদালতে শেখ হাসিনার আইনজীবী এডভোকেট আহসানুল করিম বলেন, এই মামলাটি ইতিমধ্যে হাইকোর্ট বাতিল করে দিয়েছে। তাই বিচারাধীন এই রুল আমরা চালাবো না। এ পর্যায়ে হাইকোর্ট আবেদন মঞ্জুর করে আদেশ দেয়। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক সাব্বির হাসান তেজগাঁও থানায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।