আমি জানি না আমার বিরুদ্ধে বিশ্বব্যাংকের কি অভিযোগ
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০১৩, ২১:৩২
ছুটিতে থাকা প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, তার বিষয়ে গণমাধ্যম ও বিশ্বব্যাংক ভুল করেছে। তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, বিশ্বব্যাংক আমার সম্পর্কে কী অভিযোগ করেছে, আমি তা জানি না। আপনারা (গণমাধ্যম) যদি জানেন, তবে কাগজে লিখে ফেলেন।
সোমবার প্রস্তাবিত গঙ্গা ব্যারাজ প্রকল্প নিয়ে আয়োজিত কর্মশালা শেষে মসিউর রহমান সাংবাদিকদের এ কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে এই কর্মশালা শেষে তিনি সাংবাদিকদের বলেন, আমি বাংলাদেশে একজন সম্মানিত সেবক । বিশ্বব্যাংক আমার মাথা অবশ করেনি। তাই সব সময় আমার মাথা কাজ করছে।
তিনি বলেন, যে সব কাগজ (সংবাদপত্র) আমাকে দোষী বলে বলেছে তারা ভুল করেছে। তাই এখন আমি আমানাদের অনুরোধ করছি আপনারা কাগজে লিখে দেন মসিউর রহমানের বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া যায়নি। এখন তাকে দেশের সেবা থেকে, সরকার থেকে দূরে রাখা ঠিক হবে না।
উল্লেখ্য পদ্মা সেতুর দুর্নীতি অভিযোগ তদন্তে প্রভাবিত হওয়ার আশঙ্কায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদ থেকে সরে যেতে বাধ্য হন ড. মসিউর রহমান। ১৯ সেপ্টেম্বর ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সঙ্গে পদ্মা সেতুর অর্থায়ন পুনর্বিবেচনা বিষয়ক বৈঠকে ড. মসিউর রহমানের ছুটির বিষয়ে নিশ্চয়তা চান সংস্থাটি। এর পর পরই প্রধান মন্ত্রীর উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে ড. মসিউর রহমান ।
৩১ হাজার ৪১৪ কোটি টাকার গঙ্গা ব্যারাজ প্রকল্প নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। ইতিমধ্যে এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। এখন প্রকল্পের বিস্তারিত নকশা প্রণয়নের কাজ চলছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম, আবদুস সাত্তার মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।