কবিতা
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০১৩, ১৮:৪৬
আমি চাই
ফেরদৌস চৌধুরী
ডাংগুলি, কানামাছি কত প্রিয় খেলা
হাসি গানে ভরপুর ছিলো ছোটবেলা।
রাতে কত রূপকথা শোনাতেন দাদা
সেইখানে আজো মন পড়ে আছে বাঁধা।
রাঙা ভোর, মিঠেরোদ পিঠে ক্ষীর পুলি
কী মধুর ছিলো আহা সেই দিনগুলি।
এই চোখে আজ শুধু স্মৃতিময় পাড়া
কি যে ফাঁকা লাগে আজ মা-বাবাকে ছাড়া।
শহরের মানুষের মন যেন ইট
এইখানে মনে হয় আমি আনফিট।
নেই সুখ এইখানে, আছে কানাকানি
কাটে দিন টেনে শুধু জীবনের ঘানি।
মনে হয় এ শহর মরীচিকা ফাঁদ
আমি চাই ঘাসফুল পূর্ণিমা চাঁদ।
মেঠোপথ, বাঁকা নদী, সাদা কাশবন
বাঁধাহীন উড়ে চলা প্রজাপতি মন।
আমি চাই মা মাটির সুশীতল ছায়া
অন্তর জুড়ে শুধু ভালোবাসা মায়া।
---
নতুন আলো
মো. মনির তালুকদার
শিশির ভেজা সকাল হলো
ফুলের হাসি নিয়ে,
মুক্ত আকাশ রঙ ছড়ালো
নতুন সূর্য দিয়ে।
পাখি ডাকে আপন মনে
বাউল ধরে গান,
রাখাল বাজায় বাঁশি আবার
‘নদেয় এলো বান’।
আজকে কেন এতো কিছু
বলতে পারো ভাই,
নতুন দিনের নতুন আলো
উদয় হলো তাই।
----
বাবুই পাখি
অর্ঘ্য সময় বর্ম্মণ
বাবুই পাখি, বাবুই পাখি,
করছ ক্যানো ডাকাডাকি।
সন্ধে হল যাচ্ছি বাড়ি
রাত পোহালে উঠব জাগি,
খেলব ডালে তোমার লাগি
আর দেব না মনের আড়ি।
চতুর্থ শ্রেণি
মাসকট হাই স্কুল, ঢাকা।
---
শীতের মজা
শাহজাদা ওমর
শীত এলো কাঁপিয়ে,
মাঠ-ঘাট দাপিয়ে।
কচি-কাঁচা, বুড়োবুড়ি,
লেপ,কাঁথা, দেয় মুড়ি।
রস পিঠা, ভাঁপা, পুলি
মজা করে নেয় তুলি।
শিশির ভেজা ঘাসে
রোদের কণারা হাসে।
মিষ্টি রোদে মজা পাই
ঝোলাগুড়-মুড়ি খাই।
----
সোনার মাটি
মোহাম্মদ নূর ইলিয়াস
আমার দেশ স্বাধীন দেশ
সবুজ পতাকা ওড়ে বেশ
মা-মাতৃকা সোনার দেশ
আমার প্রিয় বাংলাদেশ।
রাখাল ছেলে বাজায় বাঁশি
ফুল ফোটে রাশি রাশি
সবুজে কত মাখামাখি
সোনার মাটি অঙ্গে মাখি।
নদী-নালা পাহাড়-টিলা
আমার সোনার দেশ
মাঠের বুকে গাছের শাখায়
নানান রঙের বেশ।
---
ফুলে ফুলে
সুমাইয়া আক্তার স্মৃতি
সদস্য নং-২০৮১
আকাশেতে লক্ষ তারা
জ্বলে উঠেছে,
সাগরেতে লক্ষ ঢেউ
নেচে উঠেছে,
বাগানেতে হাজার ফুল
ফুটে উঠেছে,
ফুলে ফুলে হাজার অলি
পাখা মেলেছে।
----
গ্রামের বাড়ি
ওয়াসিফা ওসমান
সদস্য নং-১৯৪
স্কুল ছুটি
গ্রামের বাড়ি যাই,
দাদুর সাথে
শীতের পিঠা খাই।
ভাঁপা পিঠা, চিতই পিঠা
আরো রসের গুড়,
মন ভরে যায়
হাজারো পাখির সুর।