ক্যাম্পাস তারকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অরিন
‘ঠিক সময়ে টিউটোরিয়াল দিতে পারি না’
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০১৩, ১৮:৫২
ক্লোজআপ ওয়ান খ্যাত এ সময়ের তারকা কণ্ঠশিল্পী তাসনিমা অরিন। ২০০৫ সালে ক্লোজ-আপ ওয়ান তারকা খ্যাতি পাওয়ার পর থেকে প্রায় পাঁচ-ছয় বছর ধরেই গানের জগতে নিয়মিত বিচরণ এই শিল্পীর। শফিক তুহিনের ‘এর বেশি ভালোবাসা যায় না’ এবং ইলিয়াস হোসেনের সাথে তার গাওয়া ‘না বলা কথা’সহ আরো কয়েকটি গান তুমুল জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি রীতিমত আলোড়ন সৃষ্টি করেছে দর্শক-শ্রোতাদের মাঝে।
তবে শুধু গান নয়, পাশাপাশি পড়ালেখাও চালিয়ে যাচ্ছেন সমানতালে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে বিবিএ সম্পন্ন করার পর বর্তমানে এমবিএ-তে অধ্যয়ন করছেন সম্ভাবনাময় তরুণ জন্মের পছন্দের এই শিল্পী।
সময় পেলেই ঘুরতে বের হন তিনি। আগে আরাম করে ঘুমটাও সেরে ফেলেন। অরিণ বলেন, অবসরে অন্যান্য দিনের চেয়ে বেশি ঘুমাই। তারপর বন্ধুদের সাথে ঘুরতে বের হই। প্রায়ই চট্টগ্রাম ক্যান্টনমেন্ট সংলগ্ন ভাটিয়ারিতে ঘুরতে যাই। ভাটিয়ারির সবুজ পাহাড় আর স্বচ্ছ পানির লেক দেখে অনেক অনেক মুগ্ধ হই।
আর বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যের কথা বলতে গিয়ে তিনি বলেন, ক্যাম্পাসের কাটা পাহাড় রাস্তা, কলা অনুষদ ঝুপড়ি, ক্যাফেটেরিয়া, বোটানিক্যাল গার্ডেনের সৌন্দর্য বাংলাদেশের কোথাও পাবেন না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তে পেরে আমি সত্যিই গর্বিত।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পাশাপাশি দেশের একজন সেলিব্রেটি হিসেবে অনুভূতিটা কেমন জিজ্ঞেস করলে অরিণ বলেন, ‘সময়মত প্রেজেনটেশন, টিউটোরিয়াল দিতে পারি না। আমি আমার বিভাগের শিক্ষকবৃন্দ ও বন্ধুদের প্রতি কৃতজ্ঞ। কারণ তারা আমাকে সব বিষয়ে সহযোগিতা করেন।’