তোরেসকেই এগিয়ে রাখলেন চেলসি নবাগত ডেম্বা বা

ডেম্বা বা মনে করেন চেলসিতে তার আগমনে স্ট্যামফোর্ড ব্রিজে মূল স্ট্রাইকার হিসেবে ফার্নান্দো তোরেসের অবস্থানে কোন প্রভাব ফেলবে না। কারণ নিউক্যাসল থেকে আসা স্ট্রাইকারটি মনে করেন তোরেসই চেলসির মূল স্ট্রাইকার। চেলসির সাথে ডেম্বা বা’র শুরুটাও হয়েছে দারুণ। নিউ ক্যাসল থেকে এক কোটি ২০ লাখ ডলারে চেলসিতে আসা এই স্ট্রাইকার গত শনিবার এফএ কাপের তৃতীয় রাউন্ডে জোড়া গোল করেন এবং তার নৈপুণ্যে ৫-১ গোলে জয় তুলে নেয় সাউদাম্পটনের বিপক্ষে। তোরেস খেলাটিতে বেঞ্চে বসে ছিলেন। তোরেসকে আজ বুধবার ইংলিশ প্রিমিয়ার লিগের প্রতিদ্বন্দ্বী সোয়ানসি সিটির বিরুদ্ধে খেলাটিতে নিয়মিত একাদশে নামানো হবে বলে আশা করা হচ্ছে। ক্লাবটি পশ্চিম লন্ডনে খেলতে আসবে লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে স্বাগতিক চেলসির মোকাবেলা করতে। ব্লুজ ম্যানেজার রাফায়েল বেনিতেজ শুরু থেকেই উভয় স্ট্রাইকারকে মাঠে নামাতে পারেন। তোরেস নৈপুণ্যের ধারাবাহিকতা দেখাতে পারছেন না। ফলে নবাগত বা স্পেন জাতীয় দলের খেলোয়াড়টির জন্য দীর্ঘমেয়াদে চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন। যদিও সেনেগালের স্ট্রাইকারটি সোজাসাপটা জানিয়ে দিয়েছেন তিনি এই ক্লাবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টায় তোরেসকে জ্যেষ্ঠ সতীর্থ হিসেবেই পেতে চান। ডেম্বা বলেন,‘আমি শুধু আমার খেলাটা উপভোগ করতে চাই। এটা কোন চাপের ব্যাপার নয়। এটা হলো এমন একটা খেলা যা আমি উপভোগ করি এবং সেটাই আমি করছি। আমি এখানে এসেছি খেলোয়াড়দের এবং দলটিকে সাহায্য করতে, কাজেই এটা অন্য কারো জায়গা নিয়ে নেয়ার বিষয় নয়। আমি জানি ফার্নান্দো দলের মূল খেলোয়াড়। আমি কেবলই এসেছি। আমি সবার কাছ থেকে শিখতে চাই। শিখতে চাই তার কাছ থেকেও কারণ তার ইতিহাস আমার চেয়ে বড়।’ আক্রমণভাগের এই খেলোয়াড় দাবি করেছেন তিনি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন চেলসির প্লে মেকার জুয়ান মাতা এবং ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের সাথে খেলে এরই মধ্যে উপকৃত হয়েছেন। তিনি যোগ করেন,‘এটা ফুটবলকে অনেক সহজ করে দিয়েছে। আমি চেষ্টা করেছি পেছনে দৌড়াতে এবং মিডফিল্ডারদের জায়গা করে দিতে। কারণ আমি জানি তারা জায়গা পেলে ভয়ংকর হয়ে উঠতে পারে। এমন খেলোয়াড় যদি আপনার থাকে,বুঝতে হবে ফুটবল নিখুঁত হবে। আপনি শুধু দৌড়াবেন এবং বল চলে আসবে পায়ে ,আর এটাই আমি চেষ্টা করি।’