আরএডিপিতে বৈদেশিক সহায়তা কমছে ৩ হাজার কোটি টাকা

প্রতিবছর বড় আকারের উন্নয়ন কর্মসূচী হাতে নেয়া হলেও তা পরবর্তীতে কাটছাঁট করে কমিয়ে ফেলা হয়। এরই ধারাবাহিকতায় চলতি অর্থবছরে (২০১২-২০১৩) সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচীতে (আরএডিপি) বৈদেশিক সহায়তার অংশ কমছে প্রায় ৩ হাজার কোটি টাকা। প্রতিবছরের মতো এবারো এডিপি সংশোধনের জন্য সংশ্লি¬ষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। চলতি অর্থবছরের বাজেটে এডিপিতে ২১ হাজার ৫শ’ কোটি টাকার বৈদেশিক সহায়তার বরাদ্দ রয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্র জানায়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে বৈদেশিক সহায়তার প্রায় ১ হাজার ১৮৬ কোটি টাকা কমানো হচ্ছে। বাকিটা থোক বরাদ্দ থেকে কমানো হচ্ছে। বরাদ্দ কমানোর মধ্যে কৃষি, তেল গ্যাস ও খনিজ সম্পদ বিভাগ, যোগাযোগ খাত, শিক্ষা ও ধর্ম মন্ত্রণালয় ও তথ্য প্রযুক্তি খাত রয়েছে। অন্যদিকে বরাদ্দ বাড়ছে বিদ্যুত্, গ্রামীণ অবকাঠামো ও স্বাস্থ্য খাতে। চলতি অর্থবছর এডিপিতে মোট ৫৫ হাজার কোটি টাকা বরাদ্দের মধ্যে সরকারের তহবিল হতে ৩৩ হাজার ৫শ’ কোটি টাকা (৬১%) এবং প্রকল্প সাহায্য হিসেবে ২১ হাজার ৫শ’ কোটি টাকা (৩৯%) প্রাপ্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছিলো। সূত্র জানায়, কৃষি খাতে ৯০২ কোটি টাকা বরাদ্দ থেকে বৈদেশিক সহায়তার অংশ কমিয়ে ৮১৪ কোটি ৫৫ লাখ করা হয়েছে। অন্যদিকে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন খাতে ১ হাজার ৬৭৭ কোটি ৪৭ লাখ থেকে বাড়িয়ে ১ হাজার ৯৪৭ কোটি ৯৫ লাখ করা হচ্ছে। পানি সম্পদ বিভাগে ৭৭২ কোটি থেকে কমিয়ে ২৮৯ কোটি করা হচ্ছে। শিল্প মন্ত্রণালয়ে ১৩০৫ কোটি ৫০ লাখ থেকে বাড়িয়ে ১৩১৭ কোটি ৩৭ লাখ করা হচ্ছে। বিদ্যুত্ বিভাগের বরাদ্দ ২৭১৩ কোটি থেকে বাড়িয়ে ৩১৪০ কোটি টাকা, তেল গ্যাস ও খনিজ সম্পদ বিভাগের ৮৬৬ কোটি ৭১ লাখ টাকা থেকে কমিয়ে ৭৪৫ কোটি ৮৪ লাখ, সড়ক বিভাগের ২৪৬১ কোটি ৫১ লাখ থেকে কমিয়ে ২০৩৭ কোটি টাকা করা হচ্ছে। শিক্ষা ও ধর্ম মন্ত্রণালয়ের ১৩৯৭ কোটি টাকা থেকে কমিয়ে ১৩৩৩ কোটি করা হচ্ছে। যোগাযোগ খাতে ১২৩৮ কোটি থেকে কমিয়ে ৮৩৭ কোটি টাকা, স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা খাতে ২০৫৬ কোটি থেকে বাড়িয়ে ২১১২ কোটি ৬১ লাখ টাকা গণযোগাযোগ খাতে প্রকল্পে বৈদেশিক সহায়তার বরাদ্দ না থাকলেও আরএডিপিতে ৬ কোটি টাকা বরাদ্দ থাকছে। তাছাড়া বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি খাতে ১১৭ কোটি টাকা থেকে কমিয়ে ৮৫ কোটি টাকা করা হচ্ছে।