৬ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন ওস্তাদ জাকির হোসেন
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০১৩, ২০:০৪
আবারও ঢাকায় আসছেন উপমহাদেশের প্রখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন। আগামী ৬ ফেব্রুয়ারি তিনি ঢাকায় এসে পৌঁছবেন। মূলত ব্লুজ কমিউনিকেশন আয়োজিত একটি কনসার্টে অংশ নিতেই ঢাকায় আসছেন। ওস্তাদ জাকির হোসেনের সঙ্গে আরও আসছেন আমেরিকার বেঞ্জো বাদক বেলা ফ্লেক এবং আমেরিকান বেজিস্ট ও কম্পোজার এডগার মেয়ের। তিনজনের বাজনার জাদু প্রদর্শনের লক্ষ্যেই আগামী ৬ ফেব্রুয়ারি এই কনসার্টের আয়োজন করা হয়েছে। ব্যক্তি ও সংগীত জীবনে বেশি ব্যস্ত থাকার কারণে ওস্তাদ জাকির হোসেন ও অন্যরা কনসার্টের দিনই ঢাকায় এসে পৌঁছবেন বলে জানিয়েছেন আয়োজক। সেদিন আনুমানিক ২ ঘণ্টা পারফর্ম করবেন ওস্তাদ জাকির হোসেন, বেলা ফ্লেক ও এডগার মেয়ের। এই আয়োজনে দেশীয় শিল্পীরাও অংশগ্রহণ করবেন বলে জানা যায়। আয়োজক জানায় দেশীয় শিল্পীদের মধ্যে অর্ণব থাকছেন এটা নিশ্চিত। আরও প্রায় ৩ থেকে ৪ জন আমাদের দেশের শিল্পীরা থাকবেন। তার মধ্যে চন্দনা মজুমদার থাকার সম্ভাবনা রয়েছে, বাকিদের এখনও ফাইনাল করা হয়নি। এই কনসার্টে দেশীয় সব শিল্পীরা মিলে পারফর্ম করবেন প্রায় পৌনে এক ঘণ্টা। পুরো কনসার্টটি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
আয়োজক আরও বলেন, ‘প্রায় দেড় বছর আগে আমরা ওস্তাদ জাকির হোসেনের সঙ্গে এই কনসার্ট নিয়ে কথা বলি। আগামী ৬ ফেব্রুয়ারি তিনি ঢাকায় আসছেন এটা এখন পুরোপুরি নিশ্চিত।’