ভালোবাসা দিবসে ফয়সালের পূর্ণাঙ্গ অ্যালবাম
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০১৩, ২০:০৬
ভালোবাসা দিবস উপলক্ষে একাধিক অ্যালবামের প্রস্তুতি চলছে। এর ভেতর বেশ কিছু মিশ্র অ্যালবামও বের হচ্ছে। তরুণ গীতিকার ফয়সাল রাব্বিকীন এবারে প্রথমবারের মতো তার কথায় পূর্ণাঙ্গ একটি মিশ্র অ্যালবাম প্রকাশ করছেন। এখনও অ্যালবামটির নাম ঠিক না হলেও এরই ভেতরে বেশ কটি গানের কাজ শুরু করেছেন তিনি। গেল বছরে ফয়সালের কথায় নাওমী, লিজা, ঝিলিকসহ এ প্রজন্মের গায়িকাদের বেশ কটি গান বাজারে আলোচিত হয়। সেই কাজের ধারাবাহিকতায় এবারের ভালোবাসা দিবস উপলক্ষে তিনি পূর্ণাঙ্গ অ্যালবামের কাজে হাত দিয়েছেন।
নিজের কথায় মিশ্র অ্যালবাম প্রসঙ্গে ফয়সাল রাব্বিকীন বলেন, ‘অনেকদিন ধরেই প্রেমনির্ভর গানগুলো জমিয়ে রেখেছিলাম। অবশেষে লেজার ভিশনের সাথে আলাপ করলে তারা একটি পূর্ণাঙ্গ অ্যালবামের পরামর্শ দেন। সেই অনুযায়ীই একটু একটু করে কাজ করছি। আশা করছি অ্যালবামের গানগুলো ভালো লাগবে। আর শিল্পী বাছাইয়ের ক্ষেত্রে এ সময়ের আলোচিত কণ্ঠশিল্পীদেরকেই প্রাধান্য দিচ্ছি।’