গার্দিওলাকে পেতে মরিয়া চেলসি’র মালিক

বার্সেলোনা খ্যাত কোচ পেপ গার্দিওলা ঘোষনা দিয়েছেন পরের মৌসুমে আবারও কোচিং এ ফিরছেন তিনি। তাকে দলে ভেড়াতে ইতোমধ্যেই বেশ কয়েকটি প্রস্তাব দেয়া চেলসি মালিক রোমান আব্রামোভিচ এই ঘোষনার পরে নিশ্চিতভাবেই নড়েচড়ে বসবেন। গার্দিওলা লা লিগার গত মৌসুম শেষে বার্সেলোনা ছেড়ে বর্তমানে নিউইয়র্কে ছুটি কাটাচ্ছেন। গার্দিওলার দিকে সতর্ক নজর রাখছে আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিও। তবে গার্দিওলাকে বছরে এক কোটি পঞ্চাশ লাখ পাউন্ডের প্রস্তাব দেয়ার ঘোষনা দেয়া চেলসি দৌড়ে অনেকটাই এগিয়ে আছে সিটির চেয়ে। ২০০৭ সালের সেপ্টেম্বরে পর্তুগীজ হোসে মরিনহোর বিদায়ের পর এ পর্যন্ত আট বার কোচ পাল্টাতে বাধ্য হয়েছে চেলসি। তারপরও চেলসি আশাবাদী উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতা সর্বকনিষ্ট এই কোচই আগামী মৌসুমে ব্লুজদের ম্যানেজারের পদ অলংকৃত করবেন। বার্সেলোনাকে চার বছরে ১৪ টি শিরোপা এনে দেওয়া গার্দিওলা আবারও কোচিংয়ে ফেরার বিষয়ে বলেন,‘আমি পরের মৌসুমে আবারও কোচিং এ ফিরবো। কারন আমি এ কাজের জন্য এখনও তরুন। তবে আমি সবসময় যেভাবে চেয়েছি সেভাবেই জীবন যাপন করেছি এবং আমার কাছ থেকে আমার পরিবারও এটাই চায়। আমার পেছন ফিরে তাকানোর কিছু নেই।’ সিদ্ধান্ত নেবার বিষয়ে স্পেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় গার্দিওলা বলেন,‘আপনি সিদ্ধান্ত নেন কারণ কারণ একটা সিদ্ধান্তে আপনাকে পৌছাতেই হয়। আমি কারণ গুলোর দিকে তাকাই না। কারণ, সেগুলো গুরুত্বপূর্ন নয়।’ তবে কোথায় যাচ্ছেন সে সম্পর্কে এখনই কিছু আলোচনা করতে রাজি নন বার্সার হয়ে তিনটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতা এই কোচ। ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে একটি পত্রিকা তার নাম প্রস্তাব তুললেও সেদেশের কনফেডারেশন অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। তবে এ প্রসঙ্গে গার্দিওলা বলেন,‘এটা অবশ্যই আমার জন্য খুবই সম্মানের ব্যাপার যে এতগুলো বিশ্বকাপ জেতা একটা দেশ মনে করে যে আমি তাদেরকে বিশ্বকাপে নেতৃত্ব দিতে পারি। তবে আমি সব সময়ই বিশ্বাস করি একটি জাতীয় দলকে নেতৃত্ব দেয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সে দেশেরই কেউ।’ এদিকে এসি মিলান মালিক এবং ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি বলেছেন তাকে মিলানের কোচের পদে পেতে তিনি গার্দিওলাকে নানাভাবে প্রলুব্ধ করার চেষ্টা করেছেন এবং করবেন। তবে রোজেনেরিদের সাথে তার যুক্ত হবার সম্ভাবনা ক্ষীনই বলতে হবে।