ঢাকা ও খুলনার ম্যাচ দিয়ে বিপিএল শুরু
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০১৩, ২০:২১
কয়েক দফা পরিবর্তনের পর অবশেষে চূড়ান্ত করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচি। ঢাকা গ্ল্যাডিয়েটরস ও খুলনা রয়েলস বেঙ্গলের মধ্যকার ম্যাচ দিয়ে বিপিএলের দ্বিতীয় আসর শুরু হবে। ১৭ জানুয়ারি উদ্বোধনের পর ১৮ জানুয়ারি থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিপিএল।
প্রতিদিন দুটি করে ম্যাচ থাকবে। প্রথম খেলা শুরু হবে দুপুর দু্ইটায় এবং দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে সন্ধ্যা ছয়টায়। ১৮ থেকে ২০ জানুয়ারি মিরপুরে ছয়টি ম্যাচের পর দলগুলো খুলনায় রওয়ানা হবে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত। খুলনার পর দলগুলো পরদিন চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা হবে। এম এ আজিজ স্টেডিয়ামে ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। ৩ ফেব্রুয়ারি দলগুলো ফের ঢাকায় রওয়ানা হবে। ১৯ ফেব্রুয়ারি মিরপুর স্টেডিয়ামে বিকাল সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় বিপিএলের ফাইনাল ম্যাচ।