হঠাত্ রেগে যাবেন না
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০১৩, ২১:০২
রেগে যাওয়া শুধুই একটি মামুলি সমস্যা নয়। অনেকে কারণে-অকারণে রেগে যান। যারা রেগে যান তাদের অনেক ক্ষেত্রে খানিকটা মানসিক সমস্যাও থাকতে পারে। তবে যারা হঠাত্ রেগে যান তারা যদি খুব সিরিয়াসলি জানতেন যে, হঠাত্ রেগে যাওয়ার কারণে তাদের হার্টএ্যাটাক পর্যন্ত হতে পারে। ঘটতে পারে কোন বিপদ, বিপর্যয়। তাহলে হয়তবা তারা কখনই রাগতেন না অথবা রাগের বহি:প্রকাশ ঘটাতেন একেবারেই কম। কারণ রেগে যাওয়ার ক্ষেত্রে লাভের চেয়ে ক্ষতিই অনেক বেশী। অতি সম্প্রতি জন হপকিনস স্কুল অব মেডিসিনের এক গবেষণায় উল্লেখ করা হয় যারা আকস্মিক রেগে যান তাদের অকালে হূদরোগে আক্রান্ত হবার ঝুঁকি তিনগুণ এবং হার্টএ্যাটাকের ঝুঁকি স্বাভাবিকের চেয়ে পাঁচগুণ বেশী।
রেগে গেলে কেন হার্টএ্যাটাকের ঝুঁকি বেশী এনিয়েও গবেষণা কম হয়নি। এ ব্যাপারে ক্লিভল্যান্ড ক্লিনিকের সাইকোলজিক্যাল টেস্টিং সেন্টারের সাইকোলজি সহকারী জেরী কিফার মনে করেন হঠাত্ রেগে গেলে রক্তের কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় এবং শরীরের কেটিকোলামিন নামে একধরনের কেমিক্যাল নিঃস্বরিত হয় যা হার্টের রক্ত চলাচলে বাধার সৃষ্টি করে। ফলে হার্টএ্যাটাক হতে পারে। পাশাপাশি এটাও গবেষণায় প্রতীয়মান হয়েছে যে, মহিলাদের চেয়ে পুরুষেরই রেগে যাওয়াজনিত হার্টএ্যাটাকের ঝুঁকি সবচেয়ে বেশী। এব্যাপারে জেরী কিফারের মতে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করা সবচাইতে ভালো। তা না হলে আকস্মিক রেগে না গিয়ে রাগের বহিঃপ্রকাশ অন্যভাবেও করা যায়।
তবে এব্যাপারে মনো চিকিত্সকদের অভিমত: রাগ সম্বরণ করা সবচেয়ে ভালো। যদি কেউ তাদের হঠাত্ রেগে যাওয়া নিয়ন্ত্রণে আনতে না পারেন তবে অবশ্যই যে কোন মনো চিকিত্সকের পরামর্শ নেয়া ভালো।