আহার জোগাতে পুঁজি চান পঙ্গু রবিউল
মারুফা মির্জা, চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০১৩, ২১:২৩
সংসার নেই। নেই মা-বাবা, স্ত্রী, সন্তান। ৪৫ বছর বয়স পর্যন্ত এলাকার তাঁত শিল্পে কর্মরত থেকেই চলেছে তার কষ্টসাধ্য জীবন। তবে হঠাত্ একটি সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করায় গত ৫ বছর ধরে অনেকটাই নিরুপায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপিনাথপুর গ্রামের রবিউল ইসলাম (৫০)। অন্যের সহযোগিতায় ছোট্ট একটি দোকান চালালেও তারও এখন ভগ্নদশা। এ দোকানে রয়েছে মাত্র ৫শ’ টাকার মালামাল। এর মধ্যে থেকে ৩দিনে বিক্রি হয় মাত্র ২০০ টাকার বিস্কুট, চকলেট, সিগারেট ও পান। যাতে লাভ হয় মাত্র ৪০ টাকা। আর এই টাকায় তাকে খেয়ে না খেয়ে চলতে হয় টানা ৩ দিন। তবে তিনি কারো কাছে হাত বাড়ান না ভিক্ষার ঝুলি নিয়ে। তবে দোকানে মালামালে পূর্ণ থাকলে বেচা-বিক্রিও হতো বেশ। এক্ষেত্রে বৃদ্ধ রবিউলের প্রয়োজন কিছু পুঁজি।
এনায়েতপুর থানার তাঁত শিল্প সম্পৃদ্ধ গোপিনাথপুর গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম। তাঁত শ্রমিক হিসাবে কখন যে বিয়ের সময় পার করেছেন তা নিজেরো জানা নেই। হঠাত্ গত ৫ বছর আগে একটি সড়ক দুর্ঘটনায় একটি পায়ে আঘাত লাগায় পঙ্গুত্ব বরণ করেন তিনি। তাই ক্র্যাচ ভর করেই হাঁটতে হয় তাকে। এ অবস্থায় এলাকার কিছু সমাজপতিরা তাকে খেয়ে-পড়ে বাঁচার জন্য ১০ হাজার টাকা দেন একটি ছোট মনোহারী দোকান করার জন্য। পরে সেই অর্থ দিয়ে গোপিনাথপুর ভুঁইয়ার হাটে ছোট একটি জীর্ণ দোকান মাসে ১শ’ টাকা ভাড়ায় নেন।