সীতাকুন্ডে সরকারি প্রাইমারী স্কুলে ভর্তির নামে বাণিজ্য !
এম গিয়াস কামাল সাগর, সীতাকুন্ড (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০১৩, ২১:২৫
কোন ভর্তি ফি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে ৪র্থ শ্রেণিতে ভর্তির নিয়ম থাকলেও সীতাকুন্ডে তা মানা হচ্ছে না। প্রকাশ্যে চলছে ভর্তির নামে বাণিজ্য। এ বাণিজ্য অব্যাহত থাকলে শিক্ষা থেকে ঝরে পড়তে পারে কোমলমতি শিশুরা। সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তিতে প্রতি জন শিক্ষার্থী থেকে দেড়শ’ টাকা করে ভর্তি ফি নেয়া হয়েছে। কয়েক জন গরিব অভিভাবক টাকা কম দিতে চাইলে তাদের শিশুদের ভর্তি করা হয়নি। এ ছাড়াও পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণদের কাছ থেকে প্রশংসাপত্রের নামে ২শ’ থেকে ৫শ’ টাকা পর্যন্ত হাতিয়ে নেয়া হচ্ছে। ওই এলাকার অভিভাবক হোসনে আরা বেগম জানান, তার শিশুপুত্র মিনহাজকে প্রথম শ্রেণিতে ভর্তি জন্য দেড়শ’ টাকা নিলেও তাকে কোন রশিদ দেয়নি। একই কথা বলেছেন ওই এলাকার হাসিনা বানু নামে এক শিক্ষার্থীর মা। ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার টাকা আদায়ের কথা স্বীকার করে জানান, পিয়নের জন্য ৫০ টাকা করে নেয়া হচ্ছে। সীতাকুন্ড উপজেলা প্রাথমিক ও গণশিক্ষা কর্মকর্তা শেখ আহমদ চৌধুরী জানান, সরকারি ভাবে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে কোন টাকা লাগে না। কোন প্রতিষ্ঠানে শিক্ষকরা অবৈধভাবে ভর্তি নামে টাকা আদায় করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত ভাবে জানানো হবে।