বরিশালে চেক জালিয়াতির মামলা
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০১৩, ২১:২৭
চেক জালিয়াতির অভিযোগে সানফ্লাওয়ার ইসলামিক মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার নগরীর সিএন্ডবি রোড এলাকার বাসিন্দা মো. তারেক বাদী হয়ে এখানকার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। বিচারক মো. জাহিদুল কবির মামলাটি আমলে নিয়ে সানফ্লাওয়ারের চেয়ারম্যানের বিরুদ্ধে সমন জারি করেন। মামলার আসামি হচ্ছেন বাংলাদেশ সানফ্লাওয়ার ইসলামিক মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান এসএম অভি (৬০)।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৭ সালে বাদীর নানা এ এম হকের কাছ থেকে বিবাদী ব্যবসায় খাটিয়ে লভ্যাংশ দেয়ার কথা বলে ৩০ লাখ টাকা নেন। লাখপ্রতি দু’ হাজার টাকা দেয়ার চুক্তি হয়। লাভের টাকা তো দূরের কথা আসল টাকা না দিয়ে বাদীকে ঘোরাতে থাকেন আসামি। পরবর্তীতে বাদী পাওনা টাকা ফেরত চাইলে তাকে ২১ লাখ ৪০ হাজার টাকার একটি চেক দেয়া হয়। ঐ চেক নিয়ে টাকা তুলতে গেলে চেকটি ডিজঅনার হয়। গত বছরের ২৭ ডিসেম্বর বাদী আসামির সাথে দেখা করে তার টাকা ফেরত চান। এসময় আসামি টাকা নেয়ার কথা অস্বীকার করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।