রায়পুরে হত্যা মামলার আসামি গ্রেফতার

রায়পুর উপজেলার উত্তর কেরোয়া গ্রামের আহাম্মদউল্যার ছেলে কলেজছাত্র আব্দুল্লাহ আল জাবেদ ওরফে সজল (১৭) হত্যা মামলার দুই আসামিকে সোমবার গভীর রাতে তাদের নিজ বাড়ি থেকে রায়পুর থানা পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাওলানা ইব্রাহীম নিহত সজলের চাচা এবং মোঃ সফিক ইব্রাহীমের ভাগিনা। সজল ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ জাকির হোসেন বলেন, তাদেরকে মঙ্গলবার চাঁদপুর জেলা গোয়েন্দা কার্যালয়ে পাঠানো হয়েছে। মামলাটি চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মাহবুবুর রহমান তদন্ত করছেন। নিহতের ভাই আব্দুল্লাহ আল মামুন জানান, পূর্বশত্রুতার জের ধরে তার ছোট ভাই জাবেদকে অপহরণের পর হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখে। গত ১৩ মে পার্শ্ববর্তী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা রঘুনাথপুর গ্রাম থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ ঘটনায় চাঁদপুর চিফ জুডিশিয়াল আদালতে তার বাবা একটি হত্যা মামলা করেন। গত ১১ অক্টোবর লাশটির পুনঃময়না তদন্ত হয়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া যায়।