আগৈলঝাড়ায় অছাত্রদের দিয়ে চলছে ছাত্রলীগ ও ছাত্রদল
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০১৩, ২১:২৯
বিবাহিত ও অছাত্র দিয়ে চলছে বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ ও ছাত্রদলের দলীয় কার্যক্রম। ফলে দু’সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়ছে। নতুন কমিটি না হওয়ায় দলীয় কর্মসূচি পালন করতে অনিহা প্রকাশ করেছে এ অপরাপর নেতা-কর্মীরা।
দলীয় একাধিক সূত্রে জানা গেছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিগত ১০ বছর যাবত্ উপজেলা ছাত্রলীগ ও ১১ বছর ধরে ছাত্রদলের কোন সম্মেলন না হওয়ায় সাধারণ ছাত্র নেতা-কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। এতে উপজেলা ছাত্রলীগ ও ছাত্রদলের রাজনীতি নেতৃত্ববিহীন হয়ে পড়েছে। বিপুলসংখ্যক ছাত্র নেতা দীর্ঘদিন ধরে পদপ্রত্যাশী হয়ে দলীয় কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রাখলেও সম্মেলন না হওয়ায় তাদের মধ্যে হতাশা বিরাজ করছে। মেয়াদোত্তীর্ণ উপজেলার দু’ছাত্র সংগঠনের বর্তমান কমিটির পদ-পদবিধারী অধিকাংশ নেতারই ছাত্রত্ব নেই। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদের নেতারাই বিবাহিত এবং সাংসারিক কাজে ব্যস্ত। তারা এখন ব্যবসা-বাণিজ্য, ঠিকাদারী, চাকরি ও সংসার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। উপজেলা ছাত্রলীগের একটি সূত্রে জানা গেছে, গত ২০০৩ সালে ঢাকায় বসে বরিশাল জেলা ছাত্রলীগের আহবায়ক মিলন ভূইয়ার উপস্থিতিতে কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদকে সভাপতি ও সোয়েব ইমতিয়াজ লিমনকে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির মেয়াদ ২ বছর থাকলেও ৯ বছর পেরিয়ে গেছে। কমিটি গঠনের পর থেকে সভাপতি ও সম্পাদকের মধ্যে আলাদা ২টি গ্রুপের সৃষ্টি হয়। বর্তমানে ওই মেয়াদোত্তীর্ণ কমিটির নেতাদের দিয়েই চলছে দলের কাযক্রর্ম। একারণে গত ২০১০ সালের ৩ ডিসেম্বর দলীয় কোন্দলের কারণে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় উপজেলা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করে দেয় জেলা ছাত্রলীগ।
অপরদিকে ২০০২ সালের ১৭ এপ্রিল বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মনোয়ার হোসেন জিপু ও সাধারণ সম্পাদক পারভেজ আকন বিপ্লবের উপস্থিতিতে আগৈলঝাড়া ডাকবাংলোতে সামছুল হক খোকনকে সভাপতি ও হেমায়েত তালুকদারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়। এর ৩ বছর পরে ওই কমিটি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান ও আকন কুদ্দুসুর রহমান গ্রুপে বিভক্ত হয়ে দলীয় কার্যক্রম চালাচ্ছে। এ কারণে তৃণমূল পর্যায়ে ছাত্রদলের কর্মীরাও দু’ধারায় বিভক্ত হয়ে পড়েছে।
ছাত্রদলের সভাপতি ও সম্পাদক বিয়ে করে ব্যবসা-বাণিজ্য করছেন। প্রকাশ, তারা আবার পুনরায় দলের সভাপতি সম্পাদক হওয়ার জন্য দলের হাই কমান্ডের কাছে ধরনা দিচ্ছেন। বর্তমান ছাত্রদলের সভাপতি শামসুল হক খোকন উপজেলা সদরের দলীয় কোন কার্যক্রমে অংশগ্রহণ করছেন না।