কেন্দুয়ায় সাবেক অধ্যক্ষ গ্রেফতারের ঘটনায় সংঘর্ষ : আহত ১০
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০১৩, ২১:৩১
কেন্দুয়ার এমইউ মনকান্দা মাদ্রাসার বরখাস্তকৃত অধ্যক্ষ এএমএম মুহিবুল্লাহকে গ্রেফতারের জের ধরে গত সোমবার মাদ্রাসার ও স্থানীয় লোকজনের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে ১০জন আহত হয়েছে। গুরুতর আহত হাবুল ও ছাদেকুলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সংঘর্ষ থামাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। পুলিশ এ অধ্যক্ষকে জামাত শিবিরের সাথে সম্পৃক্ত থেকে নাশকতামূলক কাজের অভিযোগে শনিবার গ্রেফতার করে। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।
জানা গেছে, অধ্যক্ষ মুহিবুল্লাহকে গ্রেফতারের প্রতিবাদে গত সোমবার দুপুরে মাদ্রাসার কয়েকজন শিক্ষকের নেতৃত্বে ১২টি পিকআপ ভ্যানে মাদ্রাসার কয়েকশ’ শিক্ষার্থী স্থানীয় সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরইশীর সাথে দেখা করতে আটপাড়ায় যাবার পথে গন্ডা ইউপির চেয়ারম্যান সঞ্জুর মিয়াসহ স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি মাদ্রাসায় যান। তারা এভাবে মাদ্রাসা বন্ধ রেখে শিক্ষার্থীদের নিয়ে যেতে বারণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদ্রাসার কয়েকজন শিক্ষক, ছাত্র এবং বহিরাগতরা লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলায় ১০ জন আহত হন। এ খবর পেয়ে দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্ন গ্রামের কয়েকশ’ লোক মাদ্রাসার দিকে ছুটে আসে। প্রতিপক্ষের লোকজনও অস্ত্র নিয়ে মারমুখী অবস্থান নেয়। দোকানপাটে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ অবস্থায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।