হাতিয়া সরকারি কলেজে শিক্ষক সংকট চরমে

মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হাতিয়া উপজেলার ৫ লাখ লোকের জ্ঞানার্জনের একমাত্র সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হাতিয়া দ্বীপ সরকারি কলেজ। কিন্তু কলেজটিতে বর্তমানে ভয়াবহ শিক্ষক সংকটের কারণে ছাত্রছাত্রীদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বর্তমানে অধিকাংশ বিষয়ের কোন শিক্ষক নেই। জানা গেছে, কয়েকবার নদী ভাঙ্গার পর উপজেলা সদর ওছখালীতে ১০ একর জমির উপর নতুন করে নির্মিত হয় ৩টি ত্রিতল ভবন, ২টি দ্বিতল ভবন ও অধ্যক্ষের বাসভবন। তখন সকলের মনে আশার সঞ্চার হয়েছিল সরকারি কলেজ বিধায় আর কোন সমস্যা থাকবে না। কলেজের ৫২ জন শিক্ষকের মধ্যে কর্মরত আছেন মাত্র ১১ জন। শিক্ষকরা বদলি হয়ে যাওয়ায় বর্তমানে শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। বাংলা, ইংরেজী, অর্থনীতি, দর্শন, ব্যবসা শিক্ষা, পদার্থ, গণিত, রসায়নসহ অনেক বিষয়েরই শিক্ষক নেই। ফলে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে অধ্যক্ষ প্রফেসর প্রমোদ কুমার নাথ জানান, অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক না থাকায় আমি কলেজের ছাত্রছাত্রী ও অভিভাবকদের চাপের মুখে রয়েছি। এছাড়া শিক্ষকদের আবাসন সমস্যা তো রয়েছে।