কুমিল্লায় নকল পানীয় কারখানায় অভিযান

কুমিল্লার দেবিদ্বারে পুলিশ একটি নকল কোমল পানীয়র কারখানায় অভিযান চালিয়ে নকল জুস ও এনার্জি ড্রিংকসসহ বিপুল পরিমাণ যৌন উত্তেজক পানীয় উদ্ধার করেছে। এসময় পুলিশ হাসান নামের একজনকে আটক করেছে। গত সোমবার বিকালে উপজেলার মোহনপুর বাজারের একটি বিল্ডিংয়ের দ্বিতীয়তলায় গোপন ওই কারখানায় পুলিশ এ অভিযান চালায়। এ ব্যাপারে ৫জনকে আসামি করে দেবিদ্বার থানায় মামলা হয়েছে। পুলিশ এবং স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবত্ একটি অসাধু ব্যবসায়ীচক্র প্রশাসন ও বিএসটিআই’র অনুমতি ছাড়াই কোমল পানীয়র রমরমা ব্যবসা চালিয়ে আসছে। কারখানায় অভিযান চালিয়ে অনুমোদনবিহীন প্রায় ৬ হাজার বোতল যৌন উত্তেজক পানীয় (এনার্জি ড্রিংকসসহ) বিভিন্ন নকল জুস উদ্ধার করে। নকল পানীয়র এসব বোতলে ‘ফুড সাপ্লিমেন্ট ঔষধী গুণসম্পন্ন পথ্য এবং শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের সেবনের জন্য’ লিখা রয়েছে। মাশরুম ব্লাক, মাশরুম ইয়েলো, ফিলিংস নং-১, সামিয়া, ১০০% লাভ, হর্স ফিলিংস, পাওয়ার আপ, ডবল হর্স, হর্স পাওয়ারসহ বিভিন্ন নামে বাজারজাতকৃত যৌন উত্তেজনাকর পানীয় বোতলে কোন কোম্পানির নাম লেখা নেই। পুলিশের অভিযানে ৫ হাজার ৯০৪টি পানীয় বোতল, ১০ হাজার খালি বোতল, মিক্সার মেশিন, হট হেয়ার, ৮টি প্লাস্টিকের বিক্রিয়া ভর্তি বোতল, ২টি মাপার স্কেলসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।