মোবাইল ও করাত নিয়ে কারাগারে ঢোকার সময় বিড়াল আটক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০১৩, ২১:৪৯
লোহা কাটা করাত (হ্যাকশ ব্লেড) আর একটা মোবাইল ফোন নিয়ে চুপিসারে তার কারাবন্দী মনিবের কাছে যাওয়ার সময় কর্তৃপক্ষের কাছে হাতেনাতে ধরা পড়েছে একটি বিড়াল। গত শনিবার ব্রাজিলের আরাপিরাকা নগরীর এক কারাগারে এ ঘটনা ঘটে। রয়টার্স জানায়, কারারক্ষীরা দেখেন একটা বিড়াল কারাগারের প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকছে। প্রথমে এটাকে আমল না দিলেও বিড়ালের দেহে এক টুকরো স্কচ টেপ দেখে তাদের মনে সন্দেহ হয়। এরপর ভালো করে লক্ষ্য করে দেখেন বিড়ালটির দেহের সঙ্গে মোবাইল ফোন, হ্যাকশ ব্লেড ছাড়াও ছিদ্র করা যন্ত্র, মেমোরি কার্ড, ইয়ার ফোন, ব্যাটারি ও চার্জার ছিল। কারারক্ষীদের ধারণা কারাগারে আটক ২৬৩ জন বন্দীর কোন একজন এই বিড়ালের মনিব এবং বিড়ালটি তার কাছেই যাচ্ছিল। কিন্তু সমস্যা হলো, বিড়ালটি যেহেতু কথা বলতে পারে না তাই তার মনিব কে- তা বোঝা যাচ্ছে না। বিড়ালটিকে পশু হাসপাতালে পাঠানো হয়েছে।