অধিকসংখ্যক জনশক্তি নিতে সৌদি আরবকে খালেদা জিয়ার আহ্বান

বিরোধীদলীয় নেতা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বাংলাদেশ থেকে অধিক সংখ্যক দক্ষ-অদক্ষ জনশক্তি নিতে সৌদি আরবের প্রতি আহবান জানিয়েছেন। ঢাকায় সফররত সৌদি মজলিশে শুরার স্পিকার ড. শেখ আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ এর সঙ্গে বৈঠকে তিনি আহবান জানান। জবাবে সৌদি স্পিকার আশ্বাস দেন যে, কাবা শরীফের উন্নয়ন হচ্ছে ও মদীনায় আরো কিছু উন্নয়ন কাজ চলছে। সেখানে বাংলাদেশথেকে দক্ষ ও অদক্ষ শ্রমিক নেয়া হবে। বৈঠক শেষে বিএনপির সমন্বয়কারী তরিকুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। গতকাল মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে যান সৌদি স্পিকারের নেতৃত্বে ১৩ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল। ১ টা ৫০ মিনিট থেকে বিকাল ৩টা পর্যন্ত গুলশানের বাসায় খালেদা জিয়ার সঙ্গে তারা বৈঠক করেন। এসময় ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন নাসের বুশারি উপস্থিত ছিলেন। বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ এবং রিয়াজ রহমান উপস্থিত ছিলেন। সৌদি স্পিকার সাংবাদিকদের বলেন, আমরা বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের দাওয়াতে এসেছি, এ সফরের শেষ মুহূর্তে খালেদা জিয়ার সঙ্গে দুই দেশের সম্পর্ক উন্নয়নে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে।