দেশের মানুষ এখন পরিবর্তন চাচ্ছে

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন বাংলাদেশের লাখ লাখ মানুষ এখন পরিবর্তন চাচ্ছে। কিন্তু অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের সুযোগ এখনও তারা পায়নি। তবে এক সময় তারা এ সুযোগ পাবে। গতকাল মঙ্গলবার সকালে সাভারের কলমা এলাকায় গ্রামীণ শিক্ষা সি.আই.এস.ডি ভোকেশনাল ট্রেনিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত খারবেন ডি উইং, বিশিষ্ট অর্থনীতিবিদ জামিলুর রেজা চৌধুরী গ্রামীণ শিক্ষা ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। ড. ইউনূস বলেন, বাংলাদেশের জনশক্তি অনেক সম্ভাবনাময়। তারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। কারিগরি শিক্ষায় আমরা অনেক দক্ষ টেকনিশিয়ান তৈরি করেছি। যা দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে উঠেছে। তিনি বলেন, গ্রামীণ শিক্ষা একটি ধারণা। সেখানে আমরা কিছু নির্ধারিত ছাত্রকে বৃত্তি প্রদান করি। যাতে তারা তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারে। তারা তাদের কর্মসংস্থানের পর তা পরিশোধ করে দেয়। পরে তিনি অতিথিদের নিয়ে নবনির্মিত গ্রামীণ শিক্ষা ট্রেনিং সেন্টার ঘুরে দেখেন।