ওরিয়েন্টাল ব্যাংকের সাত কর্মকর্তার বিরুদ্ধে আট মামলার চার্জশিট

অস্তিত্বহীন ও ভুয়া প্রতিষ্ঠানের নামে ৭ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ওরিয়েন্টাল ব্যাংকের ৭ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে ৮টি মামলার চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার বাদী দুদকের উপ-পরিচালক আবুল হোসেন গোলাম মোস্তফা ও শফিকুল ইসলাম ৮টি মামলার অনুমোদিত চার্জশিট আদালতে দাখিল করেন। এসব মামলার চার্জশিটভুক্ত আসামিরা হলেনঃ ওরিয়েন্টাল ব্যাংকের প্রিন্সিপাল অফিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মো. হারুন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম মাহমুদ উল্লাহ, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. ফজলুর রহমান, এক্সিকিউটিভ অফিসার তরিকুল আলম, প্রধান কার্যালয়ের এসইভিপি মাহমুদ হোসেন, ইভিপি কামরুল ইসলাম এবং ব্যাংকের সাবেক ডিজিএম ইমামুল হক। অভিযোগপত্রে আসামিদের পলাতক দেখানো হয়েছে। মামলার বাদি এবং দুদকের উপ-পরিচালক আবুল হোসেন বলেন, ওরিয়েন্টাল ব্যাংকের (বর্তমানে আইসিবি ইসলামী ব্যাংক) এসব কর্মকর্তা মিথ্যা সিআইবি রিপোর্ট, মিথ্যা অঙ্গীকারনামা তৈরি, ভুয়া পোস্ট ডেটেড চেক দাখিল করেন। ব্যাংক ব্যবস্থাপকের নির্দেশনাবলী না মেনেই ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ উত্তোলন করে এসব কর্মকর্তারা মোট ৭ কোটি ৮০ লাখ টাকা আত্মসাত্ করেছেন।