প্রথাগত শান্তি কার্যক্রম বদলে গেলেও বাংলাদেশের গুরুত্ব অনেক বেশি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০১৩, ২১:৫২
সফররত জাতি-সংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল আমিরাহ হক বলেছেন, বিশ্ব-ব্যাপী প্রথাগত শান্তি কার্যক্রম বদলে গেছে, কিন্তু শান্তি রক্ষা ও নির্মাণে বাংলাদেশের সেনাদের গুরুত্ব অনেক। বাংলাদেশ অল্প কয়েকটি দেশের মধ্যে একটি যারা স্বল্পতম সময়ে সৈন্য পাঠাতে পারে। এজন্য বিশ্বব্যাপী শান্তি কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ প্রশংসনীয়।
জাতিসংঘের ফিল্ড সাপোর্ট বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল চারদিনব্যাপী ঢাকা সফর শেষে মঙ্গলবার সন্ধ্যায় আইডিবি ভবনে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন। আমিরাহ হক আরো বলেন, বিশ্বব্যাপী এখন শান্তি রক্ষার চেয়ে শান্তি প্রতিষ্ঠার কার্যক্রম চলছে। পাশাপাশি বিভিন্ন কারণে শান্তি রক্ষায় নিয়োজিত সৈন্য সংখ্যাও হ্রাস পাচ্ছে। পূর্ব তিমুরে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তর হওয়ায় শান্তি মিশন বন্ধ করা হয়। ভয়াবহ ভূমিকম্পের পর শান্তি মিশন সম্প্রসারিত হলেও এখন পর্যায়ক্রমে সংকুচিত করা হচ্ছে। বাংলাদেশের পুলিশ ও সেনারা প্রশংসনীয় কাজ করছে। গত বছর মে মাসে সিরিয়ায় স্বল্প সময়ের ডাকে সেনা পর্যবেক্ষক পাঠায় বাংলাদেশ। বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে শান্তি কার্যক্রম নিয়ে ফলপ্রসূ আলোচনা করেছি।
বাংলাদেশি বংশোদ্ভূত আমিরাহ হক আরো বলেন, শান্তি রক্ষা কার্যক্রমে এখন অস্ত্রবিরতি ছাড়াও সাধারণ মানুষের জীবন মান, আর্থসামাজিক অবস্থা বিবেচিত হচ্ছে। তাছাড়া জাতিসংঘ শান্তি রক্ষা মিশন আঞ্চলিকভাবে যৌথ উদ্যোগে শান্তি প্রতিষ্ঠা কার্যক্রম চালাচ্ছে। আফ্রিকান ইউনিয়নের সঙ্গে এমন উদ্যোগ ফলপ্রসূ হয়েছে।