প্রতিদিন গড়ে দুইজন মানুষ খুন হচ্ছে

গতকাল রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী এম কে আনোয়ার বলেছেন, এই সরকারের আমলে ১৫৬ জন বিরোধী দলের নেতা কর্মীকে গুম করা হয়েছে। সাগর-রুনি সহ ১৭ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। বর্তমান সরকারের শাসনামলে প্রতিদিন গড়ে দুই জন মানুষ খুন হচ্ছে। তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নিরপেক্ষ বিচার বিভাগ, প্রশাসন এবং গণতন্ত্রে বিশ্বাসী সরকারের প্রয়োজন। দেশে কোনো আইনের শাসন নেই। জাতীয় প্রেসক্লাবে সুশীল ফোরাম ‘আইনের শাসন, মানবাধিকার, ও সরকারের চার বছর’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে। সুশীল ফোরামের সভাপতি মো. জাহিদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামছুজ্জামান দুদু, এডভোকেট আব্দুস সালাম, কামরুজ্জামান সেলিম প্রমুখ। এমকে আনোয়ার বলেন, সরকার তার অপকর্ম ঢাকার জন্য পঞ্চম সংশোধনী বাতিল করেছে। পঞ্চম সংশোধনী থাকাকালে দেশে গণতন্ত্র ছিল। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য পূরণে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, রফিকুল ইসলাম মজুমদারকে তার শ্বশুড়বাড়ি থেকে র্যাব পরিচয়ে তুলে নিয়ে কে বা কারা হত্যা করে। সরকার বলছে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়। যদি সরকার হত্যার সঙ্গে জড়িত নাই থাকে তবে কারা হত্যার সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করতে হবে।