স্থগিতাদেশের মেয়াদ আরো তিন মাস বাড়ালো হাইকোর্ট

ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তফসিলসহ নির্বাচনের সকল কার্যক্রমের উপর দেয়া স্থগিতাদেশের মেয়াদ আরো তিন মাস বাড়িয়েছে হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ দেন। এ নিয়ে তিন দফা স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হলো। গত বছর ২৪ মে ডিসিসি নির্বাচনে ভোটগ্রহণের দিন নির্ধারণ করে নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত বছর ১৬ এপ্রিল এক আদেশে তিন মাসের জন্য এ নির্বাচন স্থগিত করেন। একই সঙ্গে নির্বাচনের তিনমাস আগে ভোটার তালিকা হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়। এছাড়া ইসিকে আইন অনুসরণ করে এ সময়ের মধ্যে কাউন্সিলর সংখ্যা এবং ওয়ার্ডের সংখ্যা নির্ধারণ করতে নির্দেশ দেয়া হয়। আইনের কয়েকটি বিধান যথাযথ অনুসরণ করে নির্বাচন অনুষ্ঠানের কেন নির্দেশ দেয়া হবে না তার কারণ জানতে চেয়ে রুল জারি করে আদালত। এদিকে (ডিসিসি) নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে ইসির আবেদনের ওপর আগামী ৩০ জানুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য রয়েছে।