ঢাকা পলিটেকনিকের তিন ছাত্রবাসে তালা

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটির তিনটি ছাত্রাবাসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ছাত্রাবাসগুলোয় পুলিশ মোতায়েন রয়েছে। এর আগে গত রবিবার পরীক্ষায় অকৃতকার্যদের ‘পাস’ করিয়ে দেয়ার দাবিতে ইনস্টিটিউটে ভাংচুর ও শিক্ষকদের ওপর হামলা চালায় শিক্ষার্থীরা। এদিকে হামলা ভাংচুরের ঘটনায় ১৫০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হলেও গতকাল পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ইনস্টিটিউটের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় বিভিন্ন বিভাগের ৫৫ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়। তাদের মধ্যে সিভিল বিভাগের নাজমুল হোসেন ও সাকিলা ইয়াসমিনকে পাস করানোর জন্য ছাত্রলীগ নেতারা অধ্যক্ষকে চাপ দেন। কিন্তু কর্তৃপক্ষ এ দাবি না মানায় রবিবার তারা হামলা-ভাংচুর চালায়। এ সময় মেকানিক্যাল বিভাগের শিক্ষক সিদ্দিকুর রহমান, ইলেকট্রিক বিভাগের শিক্ষক মোক্তার আহমেদ ও সিভিল বিভাগের শিক্ষক সাইফুল ইসলাম আহত হন। ঘটনা তদন্তে ইলেকট্রিক বিভাগের চীফ ইনস্টাক্টর আবুল কাশেমকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পরে ইনস্টিটিউট কর্তৃপক্ষ নির্দেশ দিলেও ছাত্রলীগ নেতা ও তাদের অনুসারী কিছু শিক্ষার্থী ছাত্রাবাসে থেকে যান। সোমবার ছাত্রাবাস খালি করার নির্দেশ প্রত্যাহারের জন্য ছাত্রলীগ নেতারা অধ্যক্ষকে চাপ দেন। এ অবস্থায় আবারও সংঘর্ষের আশংকা দেখা দেয়। এ কারণে গতকাল সকালে ইনস্টিটিউটের তিনটি ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীদের অবিলম্বে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে দুপুর নাগাদ আব্দুল লতিফ, জহির রায়হান ও মোতাহার হোসেন ছাত্রাবাসে তালা লাগিয়ে সিলগালা করে দেয়া হয়। এ প্রসঙ্গে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অপারেশন অফিসার উপ-পরিদর্শক ওয়াহিদুর রহমান বলেন, ইনস্টিটিউট কর্তৃপক্ষই ছাত্রাবাসগুলো সিলগালা করে দিয়েছে। নিরাপত্তার প্রয়োজনে পুলিশ তাদের সঙ্গে ছিল।