বাঘাবাড়ীতে মিল্কভিটা থেকে দুধ সরবরাহ

সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ীতে অবস্থিত বাংলাদেশ দুগ্ধ উত্পাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্কভিটা) থেকে দুধ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। চাকরিচ্যুত প্রার্থীরা তাদের চাকরি পুনর্বহালের দাবিতে অবরোধ করে এই ঘটনা ঘটিয়েছে। এতে গত সোমবার বিকাল থেকে ঢাকায় দুধ সরবরাহ বন্ধ হয়ে গেছে। মিল্কভিটা ও চাকরিচ্যুতদের সূত্র থেকে জানা গেছে, গত সোমবার বিকালে চাকরিচ্যুতরা মিল্কভিটার বাঘাবাড়ী কারখানায় মিছিল সহকারে যায়। এ সময় তারা মিল্কভিটার সকল কর্মকর্তা ও কর্মচারীকে কাজকর্ম থেকে বিরত থাকার জন্য অনুরোধ করে। একই সঙ্গে ঢাকায় পাঠানো সকল দুধ পরিবহনের ট্রাক চলাচল বন্ধ করে দেয়। এ ঘটনার পর গতকাল মঙ্গলবার চাকরিচ্যুতরা সকালে মিল্কভিটা কারখানায় গিয়ে কারখানার উত্পাদন বন্ধ করে দেয়। একই সঙ্গে সকাল থেকে মূল গেটে সবাই অবস্থান নিয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন আব্দুল বাকী, জাহাঙ্গীর হোসেন, আব্দুর রউফ, আমির হোসেন প্রমুখ। এ বিষয়ে মিল্কভিটার চেয়ারম্যান মোঃ হাসিব খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি নিয়ে গতকাল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। তিনি দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।