দেশে রাষ্ট্রীয় সন্ত্রাস
চলছে :তরিকুল
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০১৩, ২১:৫৫
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, বর্তমান সরকারের চার বছরে চাল, ডাল, তেলের মত নিত্যপণ্যসহ দেশে প্রতিটি জিনিসের দাম বেড়েছে, কমেছে শুধু মানুষের জীবনের। দেশে এখন রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। খুন-গুমের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতম হচ্ছে। খালে-বিলে, নদী-নালায়, পাহাড়ে-জঙ্গলে, এমনকি স্যুটকেসে লাশ পাওয়া যাচ্ছে। যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছে তাতে মানবতাকেই খুন করা হচ্ছে। যার কারণে গণতন্ত্র আজ আহত হয়ে ছটফট করছে। দলের ৫৬ নম্বর ওয়ার্ডের সদস্য-সচিব রফিকুল ইসলাম মজুমদারকে হত্যার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের উদ্দেশে তিনি বলেন, অবিলম্বে তত্ত্বাবধায়কের দাবি মেনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন, দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে না দিয়ে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে পদত্যাগ করুন। তিনি বলেন, ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ যে ১৫৬ জন গুম হয়েছেন তাদের বিচার করতে হলে বর্তমান সরকারের পদত্যাগের কোনো বিকল্প নেই।
সমাবেশের সভাপতি মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা বলেন, রফিকুল মজুমদারকে কারা খুন করেছে তা বের করার দায়িত্ব পুলিশের। পুলিশের উপর দায়ভার চাপাতে অন্য কোনো সংস্থা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা তা বের করতে হবে।
বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, আমরা ধরেই নিয়েছি এই সরকারের আমলে আমাদের মেরে ফেলা হবে। এজন্য কাফনের কাপড় মাথায় নিয়ে স্ত্রী-সন্তান থেকে বিদায় নিয়ে রেখেছি।