ছয় নাটক নিয়ে অস্ট্রেলিয়ায়

নিজের মেধা এবং যোগ্যতায় অভিনয়ে স্বতন্ত্র অবস্থান তৈরি করে নিয়েছেন নাট্যাভিনেত্রী মৌ। নাটকের শুটিংয়ে কিংবা ঘুরে বেড়াতে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে গেলেও অস্ট্রেলিয়ায় কখনোই যাওয়া হয়নি মৌয়ের। এবার তার সুযোগ মিলে গেল অস্ট্রেলিয়া যাওয়ার। কথা ছিল আল হাজেনের নির্দেশনায় একটি ধারাবাহিক নাটকের কাজে মৌসহ আরও অনেকেই যাবেন অস্ট্রেলিয়ায়। কিন্তু শেষ পর্যন্ত নির্ধারিত প্রযোজককে না পাওয়ায় ছয়টি খণ্ড নাটকের কাজেই মৌকে যেতে হলো অস্ট্রেলিয়ায়। গত ৫ জানুয়ারি শনিবার রাতে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেন। যাওয়ার আগে মৌ বলেন, ‘আসলে অনেকদিন ধরেই আল হাজেনের নির্দেশনায় ধারাবাহিক নাটকের কাজে অস্ট্রেলিয়া যাওয়ার কথা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত একসাথে ছয়টি খণ্ড নাটকের কাজেই যেতে হচ্ছে। কাজের ফাঁকে ফাঁকে অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গা ঘুরেও বেড়াতে পারব। সবার কাছে দোয়া চাই যেন কাজগুলো ভালো হয়।’