রাদওয়ানস্কা সেমিতে

পোল্যান্ডের অগ্নিয়েস্কা রাদওয়ানস্কা টানা সপ্তম জয়ে সিডনি ইন্টারন্যাশনালের সেমিফাইনালে উঠেছেন। গতকাল বুধবার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের খেলায় বিশ্বের চার নম্বর খেলোয়াড়টি তার চাইতে বার ধাপ পেছনে থাকা ইটালির রবার্তা ভিনচিকে ৬-৪, ৭-৫ ব্যবধানে হারান। শেষ চারে তার প্রতিপক্ষ হবে ২০১১ সালের বিজয়ী চীনের লি না নয়তো আমেরিকান ম্যাডিসন কিসকে পাবেন প্রতিপক্ষ হিসেবে। এদিকে বিশ্বের ১৫ নম্বর খেলোয়াড় স্লোভাকিয়ার ডোমিনিকা চিবুলকোভা ফরাসি ওপেনের ফাইনালিস্ট ও সিডনির টুর্নামেন্টটির তৃতীয় বাছাই ইটালির সারা এরানির বিরুদ্ধে অপ্রত্যাশিত জয় পান ৬-২, ৬-১ গেমে জিতে। এই চিবুলকোভার কাছে হেরেই প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছিল ২০১১ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কভিতোভাকে। অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিমূলক এই টুর্নামেন্টের পুরুষ বিভাগে ইনজুরির কারণে নাম প্রত্যাহারের ঘটনা অব্যাহত রয়েছে। সর্বশেষ নামটি হলো ফ্রান্সের জাইলস সিমোন। এর আগে রাদেক স্টেপানেক ও কেই নিশিকোরি সরে দাঁড়ান অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিমূলক অপর টুর্নামেন্টগুলো থেকে। ঘাড়ের পুরনো সমস্যার কারণে সরে দাঁড়ান সাইমন। তবে ১৪ জানুয়ারী থেকে শুরু হতে যাওয়া বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে ফিরে আসার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে জো-উইলফ্রেড সোঙ্গা এবং ব্যক্তিগত কারণে রিচার্ড গ্যাসকোয়েট চলমান সিডনি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়ার পর সিমোন হলেন তৃতীয় ফরাসি খেলোয়াড়। চেক প্রজাতন্ত্রের স্টেপানেক পুরুষ বিভাগ থেকে সরে দাঁড়ান। জাপানের নিশিকোরি অবশ্য হাঁটুর ইনজুরির কারণে নাম তুলে নেন কোয়োং ক্লাসিক থেকে।