ওয়ালকটের সঙ্গে নতুন চুক্তির দ্বারপ্রান্তে আর্সেনাল

অনেক নাটকীয়তার পরে অবশেষে থিও ওয়ালকটকে দুই কোটি পঞ্চাশ লাখ পাউন্ডের নতুন প্রস্তাব দিতে যাচ্ছে আর্সেনাল। পাঁচ বছরের এই নতুন চুক্তি অনুসারে ওয়ালকট পাবেন সপ্তাহে ৮৮ হাজার পাউন্ড। এর পাশাপাশি চুক্তি স্বাক্ষর বোনাস হিসেবে পাবেন আরো ৩০ লাখ পাউন্ড। গানাররা মনে করছে এই প্রস্তাবের পরে ওয়ালকটের সঙ্গে তাদের সম্পর্ক দীর্ঘায়িত করতে আর কোন বাধা থাকবে না। স্পোর্টস মেইলের বরাতে জানা গেছে এ তথ্য। গত আগস্টের ২৪ তারিখে আর্সেনালের পক্ষ থেকে ওয়ালকটকে সাপ্তাহিক ৭৫ হাজার পাউন্ড বেতনে নতুন চুক্তির প্রস্তার দেয়া হলে সে চুক্তি মানতে রাজি হননি ওয়ালকট। এক পর্যায়ে ক্লাবের সঙ্গে চুক্তি বিষয়ক সমস্ত আলোচনাও বন্ধ হয়ে যায়। তাই ধরেই নেয়া হয়েছিল এ মৌসুম শেষে আর্সেনালের জার্সি আর গায়ে উঠছে না এই ইংলিশ স্ট্রাইকারের। তবে চুক্তি নিয়ে দর কষাকষির এই সময়ে মাঠের খেলায় মাঠের বাইরের চুক্তি সংক্রান্ত অচলাবস্থার কোন প্রভাব পড়তে দেননি ওয়ালকট। আর তার এই দারুণ পেশাদার মনোভাবই নজর কেড়েছে আর্সেনাল ম্যানেজার আর্সেন ওয়েঙ্গারের। তাই ওয়েঙ্গারই এগিয়ে আসেন অচলাবস্থা নিরসনে। ২০০৬ সালে সাউদাম্পটন থেকে আর্সেনালে যোগ দেয়ার পরে আর্সেনালের পক্ষে ১৬৫টি ম্যাচ খেলা ওয়ালকটের সঙ্গে আলোচনায় বসে তার সঙ্গে নতুন চুক্তির পথ উন্মুক্ত করেন এই ফরাসি। ওয়ালকটও তার ক্ষোভের কারণগুলো জানান তার ম্যানেজারকে। ওয়ালকট বলেন তার পছন্দের তালিকায় আর্সেনাল সবসময়ই এক নম্বরে। তবে মৌসুমের প্রথম দিকে মাঠে নিয়মিত হতে না পারাটা তার জন্য কষ্টের ছিল। গানার ম্যানেজারকে ওয়ালকট জানান আর্থিক দিকের পাশাপাশি প্রথাগত স্ট্রাইকারের ভূমিকায় তাকে মাঠে খেলানোর বিষয়েও তিনি ক্লাবের নিশ্চয়তা চান। গত মৌসুমেও কোচের পছন্দের তালিকায় তার অবস্থান ছিল উপরের দিকেই। তবে এ মৌসুমের শুরুর দিকে বেশিরভাগ সময়ই তাকে সাইড বেঞ্চে কাটাতে হয়। অবশ্য মৌসুমের মাঝ পথে এসে তিনিই এখন হয়ে উঠেছেন আর্সেনালের মূল ভরসা। এ মৌসুমে আর্সেনালের পক্ষে সর্বোচ্চ ১৪ গোল করেছেন এই ২৩ বছর বয়সী। ধারণা করা হচ্ছে ওয়ালকটের এই দারুণ পারফরম্যান্সও তার বিষয়ে ক্লাবের কৌশল পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রেখেছে। আর্সেনালের সঙ্গে চুক্তি নবায়ন জটিলতায় আটকে থাকা ওয়ালকটের দিকে সতর্ক দৃষ্টি রেখেছিল ম্যানচেস্টার সিটি, লিভারপুলের মত প্রিমিয়ার লিগ জায়ান্টরাও। অল রেডি ম্যানেজার ব্রেন্ডন রজার্সতো বলেই দিয়েছিলেন ওয়ালকটের দিকে শীঘ্রই এগোচ্ছেন তারা। তবে নতুন চুক্তির ঘোষণার পরে মনে হচ্ছে এখনই এমিরেটস ছাড়ছেন না ওয়ালকট।