শিশুটি মারা গেলো
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০১৩, ২০:৫৯
পৃথিবীর প্রত্যেকটি মা-ই চায় তার কোলজুড়ে আসুক ফুটফুটে শিশু, ডাকুক ‘মা’ বলে। কিন্তু মা ডাক শোনা হলো না সাথী নামের মেয়েটির। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে প্রসূতির ডেলিভারি করে আয়া, নেই পরিবার কল্যাণ পরিদর্শিকা এফডব্লিউভি। অথচ তাদের হাতেই নিরাপদ প্রসূতি মা ও শিশুর জীবন। ১ জুন ২০১১ তারিখে ৮৫৭ জন পরিবার কল্যাণ পরিদর্শিকা নিয়োগ করে পাঠানো হয় ট্রেনিং-এর জন্য। কোটি কোটি টাকা খরচ করে সরকার দীর্ঘ ১৮ মাস ট্রেনিং শেষ করানোর পর তাদেরকে ১০-১২-১২ তারিখে দক্ষ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে ছেড়ে দেয়া হয়। কিন্তু এখনও নিয়োগ পাননি তারা। তাই তারা ভুগছেন হতাশায় এবং থমকে গেছে যেন তাদের জীবন! মরছে শিশু অথচ তাদের নিয়োগ দেয়া হচ্ছে না। অথচ লাগামহীন জনসংখ্যার গতি তারাই ধরবেন টেনে। তারাই বাস্তবায়ন করবেন স্লোগান-‘দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়’। ১৮ মাস ট্রেনিং শেষে তারা ডেলিভারিসহ প্রসূতি মা ও শিশুর চিকিত্সা দিতেও পারদর্শী। তাদের হাতেই নিরাপদ প্রসূতি মা ও শিশুর জীবন। তাই মা ও শিশুর জীবনের কথা ভেবে হলেও তাদের নিয়োগ দেয়া জরুরি। এ ব্যাপারে সংশ্লিস্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মিজান,
মুলাডুলি, পাবনা