মু খো মু খি
পরিচালকও কিন্তু সিডিউল নিয়ে ক্যান্সেল করে
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০১৩, ২১:০৫
হাসিন রওশন :২০১১ সালে চ্যানেল আই আয়োজিত ‘ভিট টপ মডেল’ রিয়েলিটি শো’তে অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করেন। তারপর থেকেই ব্যস্ত হয়ে পড়েন মিডিয়াতে মডেলিং ও অভিনয় নিয়ে। ছোটপর্দায় নিজের ব্যস্ততা ও নাটকের বিভিন্ন বিষয়সহ ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা করেছেন বিনোদন প্রতিদিন-এর সাথে। সাক্ষাত্কার নিয়েছেন অর্ক হাসান
বর্তমান ব্যস্ততা কী নিয়ে?
আসলে এখন তেমন কোনো ব্যস্ততা নেই। বিয়ের পর এই ছয় মাস শুধু সংসার নিয়েই ব্যস্ত ছিলাম। নিজেকে ও নিজের সংসারকে একটু গুছিয়েছি। তাই মিডিয়াতে এখন ব্যস্ত না। তবে এখন থেকে নিয়মিত কাজ শুরু করছি। প্রায় ৬ মাস পর ব্যাক করছি তো, তাই কাজের ব্যস্ততাটাও আগের মতো হবে না। অনেকগুলো কাজ নিয়ে কথা হয়েছে, কোনোটাই এখনও ফাইনাল করিনি।
আপনি তো রিয়েলিটি শো থেকে এসেছেন, রিয়েলিটি শো কতটা কার্যকর হয় ক্যারিয়ারের জন্য এ প্রসঙ্গে আপনার মতামত জানতে চাই—
এই রিয়েলিটি শো’টা আমার জন্য অনেক বেশি। এই শোবিজ মিডিয়াতে কাজ করতে হলে কোনো না কোনো রিলেটিভস থাকতে হয়, না হয় অনেক বড় নেটওয়ার্কের প্রয়োজন হয়, কিন্তু এরকম একটা প্ল্যাটফর্ম থাকলে তেমন বড় ধরনের কষ্ট করতে হয় না। এটা অনেক বেশি সাহায্য করেছে আমাকে এই মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত হতে।
মডেলিং থেকে অভিনয়ে এসেছেন। নাকি অভিনয়ের জন্যই মডেলিং রিয়েলিটি শো’তে অংশ নিয়েছিলেন?
আমি মূলত মডেলিংয়ের জন্যই এই মিডিয়াতে আসি। মডেলিংটাই নিয়মিত করব। অভিনয়টা মডেলিংয়ের পর। আমাদের দেশে তো প্রতিদিন বিগ বাজেটের ও ভালো স্ক্রিপ্টের বিজ্ঞাপন হয় না যে, শুধু মডেলিং করেই চালিয়ে দেবো। চারমাস ছয়মাস পর পর একটি ভালো বিজ্ঞাপন পাওয়া যায়। তাই নিজেকে পর্দায় নিয়মিত রাখার জন্যই অভিনয়টা করছি। তবে এখন অভিনয়টাকেও উপভোগ করছি। অভিনয়ে নিজেকে পরিপক্ক করার প্রবল চেষ্টাও চলছে। অভিনয়ে যদি ভালো কিছু করতে পারি তাহলে তো অবশ্যই ভালো। তবে ক্যারিয়ার হিসেবে মডেলিংটাই আমার প্রধান লক্ষ্য।
ক্যারিয়ারের একেবারে শুরুতেই বিয়ে-সংসার, আমাদের মিডিয়ার কম দেখা যায়, এ প্রসঙ্গে কী বলবেন?
আসলে সবাই মিডিয়াতে এত বাচ্চা বয়সে আসে যে, পারফেক্ট বিয়ের বয়স হতে প্রায় ৬ থেকে ৭ বছর রয়েই যায়। তাই তারা বিয়ের আগেই নিজের ক্যারিয়ারটা পুরোপুরি গুছিয়ে নেওয়ার সুযোগ পায়। আর আমি মিডিয়াতেই এসেছি অনার্স কমপ্লিট করার পর, আর বিয়ে তো করেছি মাস্টার্সের পর। বয়সের দিক দিয়ে বিয়েটা উপযুক্ত বয়সেই করেছি। কিন্তু যদি মিডিয়ায় আগমনের সময় ও বয়স অনুপাত করা হয় তাহলে খুবই দ্রুত হয়ে গেছে। আর বিয়েটা আমার ক্যারিয়ারের কোনো দিকে ইফেক্ট করেনি। শুধুমাত্র ছয় মাস গ্যাপ পড়ে গেছে।
ক্যারিয়ারের শুরুতে যে ছয় মাস গ্যাপ, এটা পূরণ করবেন কীভাবে?
হ্যাঁ, আমাকে আবার একটু স্ট্রাগল করতে হবে। অনেকেই বলে যে, আমি নাকি কাজ ছেড়ে দিয়েছি। কিন্তু নাহ, আমি কাজ ছাড়িনি, শুধুমাত্র বিয়ের জন্যই মাঝের এই বিরতি। তবে ইনশাহআল্লাহ আমি এটা খুব শীঘ্রই কাটিয়ে উঠব। এখন থেকেই নিয়মিত কাজ শুরু করব। এবং শুধু কাজ আর কাজ আর কাজ নিয়েই সময় পার করব। ক্যারিয়ারকে গোছানোর অনেক কিছু বাকি রয়েছে, এগুলো কমপ্লিট করব।
আগামী পরিকল্পনা প্রসঙ্গে বলুন।
আগামীতেও আমি বিজ্ঞাপনে নিয়মিত কাজ করতে চাই। অভিনয় তো আছেই, তার মধ্যে এক ঘণ্টার নাটকের প্রাধান্যটা একটু বেশি বাড়বে, আগে ধারাবাহিক করতাম না, তবে এখন থেকে নতুন দুয়েকটা ধারাবাহিক নাটকেও কাজ করব।
বর্তমান নাটকে উঠতি তারকাদের শিডিউল ফাঁসানোর একটা প্রবণতা দেখা যায়, এ প্রসঙ্গে আপনার মতামত জানতে চাই—
এটা আসলে করা ঠিক না, আজকে আমি আরেকজনের সঙ্গে যা করব কাল আমার সঙ্গে সেই বিষয়টাই হবে। পরিচালকও কিন্তু তারকার সিডিউল নিয়ে দু’দিন পর ক্যান্সেল করে। কাজেই দু’জনেরটাই দু’জনের জন্য ঠিক না। এই জায়গায় একটু কমিটমেন্ট থাকতে হবে। কথা দিয়ে কথা রাখার বিষয়গুলোও ঠিক রাখতে হবে। প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট করতে হবে।