দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়লেন ফিলানডার

আগামী শুক্রবার থেকে পোর্ট এলিজাবেথে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন দক্ষিণ আফ্রিকার ডান হাতি ফাস্ট বোলার ভারনন ফিলানডার। পুরনো হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তার খেলা হচ্ছে না। এই ইনজুরির কারণে কেপ টাউনে অনুষ্ঠিত প্রথম টেস্টেও ফিল্যান্ডারের খেলা নিয়ে সংশয় ছিল। পোর্ট এলিজাবেথে তার পরিবর্তে দলে ডাকা হয়েছে কেপ টাউনের ২৯ বছর বয়সী ডান হাতি পেসার ররি ক্লেইনভেল্টকে। ফিলানডার প্রথম টেস্টে ৩০ ওভার বল করে সাত উইকেট দখল করেন। প্রথম ইনিংসে মাত্র ছয় ওভারের মধ্যে পাঁচ উইকেট তুলে নিলে নিউজিল্যান্ড ১৯.২ ওভারে মাত্র ৪৫ রানে অলআউট হবার লজ্জায় ডোবে। এই নিয়ে অষ্টমবারের মত টেস্টে পাঁচ উইকেট দখলের কৃতিত্ব দেখালেন ফিলানডার। তৃতীয় দিনে বাম হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভূত হলে ফিলানডার নিজের শেষ পাঁচ ওভার বল করে মাঠ ছাড়তে বাধ্য হন। অভিন্ন ইনজুরির কারণে দুই সপ্তাহ আগে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছিলেন এই পেসার। ওই সময় তাকে দুই সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিত্সক। কিন্তু এই সময়ের মধ্যে তাকে প্রথম টেস্টের জন্য প্রস্তুতি গ্রহণ করতে মাঠে নামতে হয়েছিল। প্রথম টেস্টের পরপরই দ্বিতীয় টেস্ট অনুষ্ঠানের সূচী থাকায় দলীয় ব্যবস্থাপনা ফিলানডারের ইনজুরি নিয়ে কোন ঝুঁকি নিতে চায়নি। দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার ও চিকিত্সক মোহাম্মদ মুসাজি এ ব্যাপারে বলেছেন, ‘ভারননের যে ইনজুরি তাতে পুরোপুরি সুস্থ হতে কমপক্ষে সাত থেকে দশদিন সময় লাগবে। যদিও গত কয়েকদিনের চিকিত্সায় তার যে ধরনের উন্নতি হয়েছে তাতে আমাদের মনে হয়েছিল এই সপ্তাহের মধ্যেই সে সুস্থ হয়ে উঠবে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু হতে মাসখানেকও বাকি নেই। আর তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তার ইনজুরি নিয়ে কোন ঝুঁকি না নেয়াই ভাল।’ আগামী ২ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। আর ওই সিরিজকেই দলে ফেরার লক্ষ্যে পরিণত করেছেন ফিলানডার। ২০১১ সালের নভেম্বরে টেস্ট অভিষেক হবার পরে ১৬ টেস্টের মধ্যে ইনজুরির কারণে তিনি শুক্রবারের টেস্টসহ তিনটি টেস্ট খেলতে পারবেন না। -বাসস